রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আগামী ২৬ থেকে ২৮ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ ইন্টারন্যাশনাল এডুকেশন এক্সপোর ৬৫তম আসর। তিন দিনব্যাপী এ শিক্ষা মেলার আয়োজন করছে ফেয়ার কনভেনর ইন্টারন্যাশনাল।
দেশে ও বিদেশে উচ্চশিক্ষার সুযোগ, বৃত্তি, বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রক্রিয়া এবং শিক্ষাসংশ্লিষ্ট বিভিন্ন সেবা সম্পর্কে শিক্ষার্থী ও অভিভাবকদের তথ্য দিতে এ মেলার আয়োজন করা হচ্ছে।
আয়োজকদের তথ্য অনুযায়ী, মেলায় দেশি-বিদেশি খ্যাতনামা বিশ্ববিদ্যালয়, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, বিদেশে পড়াশোনাবিষয়ক পরামর্শক প্রতিষ্ঠান, আইইএলটিএস ও অন্যান্য পরীক্ষার প্রস্তুতিমূলক কেন্দ্রসহ শিক্ষা ও ক্যারিয়ারসংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান অংশ নেবে।
মেলায় একই জায়গায় শিক্ষার্থী ও অভিভাবকেরা দেশ-বিদেশে উচ্চশিক্ষার সম্ভাবনা, বৃত্তি, বিশ্ববিদ্যালয়ে ভর্তির নিয়ম, শিক্ষার্থী ভিসা এবং ভবিষ্যৎ ক্যারিয়ার গঠন সম্পর্কে প্রয়োজনীয় তথ্য জানতে পারবেন। পাশাপাশি অভিজ্ঞ শিক্ষা পরামর্শক ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সরাসরি কথা বলে নিজেদের পছন্দ ও লক্ষ্য অনুযায়ী শিক্ষাপ্রতিষ্ঠান ও কোর্স সম্পর্কে ধারণা নেওয়ার সুযোগ থাকবে।
শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য মেলায় প্রবেশ সম্পূর্ণ বিনামূল্যে। বিনা মূল্যে টিকিট সংগ্রহ এবং মেলা সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করতে হবে fairconvener.com ওয়েবসাইটে।
যেসব প্রতিষ্ঠান স্টল নিতে পারবে
আন্তর্জাতিক শিক্ষা মেলায় শিক্ষা, প্রশিক্ষণ ও ক্যারিয়ারসংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান স্টল নেওয়ার সুযোগ পাবে। এর মধ্যে রয়েছে—
– শিক্ষা পরামর্শক প্রতিষ্ঠান ও শিক্ষার্থী ভিসা এজেন্সি
– দেশি-বিদেশি বিশ্ববিদ্যালয়, বেসরকারি বিশ্ববিদ্যালয় ও কলেজ
– আইইএলটিএস, স্পোকেন ইংলিশ ও ইংরেজি ভাষা প্রশিক্ষণ কেন্দ্র
– বই প্রকাশনা প্রতিষ্ঠান ও শিক্ষাবিষয়ক বইয়ের দোকান
– ট্রাভেল ও এয়ার টিকিটিং এজেন্সি
– ক্যারিয়ার কাউন্সেলিং ও দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ প্রতিষ্ঠান
– ব্যাংক, মানি এক্সচেঞ্জ ও বিমা প্রতিষ্ঠান











