খবরবাংলা ডেস্ক :
নারায়ণগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ইয়াবা, গাঁজা ও উইনসেরেক্সসহ ৮৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাঁদের কাছ থেকে ১ হাজার ১২৪টি ইয়াবা, ১০ কেজি গাঁজা ও ১০ বোতল উইনসেরেক্স উদ্ধার করা হয়।
বুধবার (২৮ অক্টোবর) সকালে জেলার সাতটি থানা ও গোয়েন্দা পুলিশের (ডিবি) সমন্বয়ে পরিচালিত অভিযানের তথ্য জানান নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী।
পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ১৩ জন মাদক ব্যবসায়ী, ৪৮ জন মাদকসেবী, গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ১১ জন, চারজন ছিনতাইকারী, নিয়মিত মামলার পাঁচ আসামি, অন্যান্য ধারায় একজন এবং কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের তিন সদস্য রয়েছেন।
থানাভিত্তিক অভিযানে ফতুল্লা মডেল থানা পুলিশ ১৯টি ইয়াবাসহ একজন মাদক ব্যবসায়ী, ২০ জন মাদকসেবী, গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত চারজন ও নিষিদ্ধ সংগঠনের একজন সদস্যসহ মোট ২৬ জনকে গ্রেপ্তার করে।
সোনারগাঁ থানা পুলিশ ১০ কেজি গাঁজাসহ চারজন মাদক ব্যবসায়ী, ১০ জন মাদকসেবী, চারজন ছিনতাইকারী, নিয়মিত মামলার চার আসামি ও নিষিদ্ধ সংগঠনের একজন সদস্যসহ মোট ২৩ জনকে গ্রেপ্তার করে।
সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ১ হাজার ৫৫টি ইয়াবাসহ চারজন মাদক ব্যবসায়ী, সাতজন মাদকসেবী, নিয়মিত মামলার একজন আসামি ও নিষিদ্ধ সংগঠনের একজন সদস্যসহ ১৩ জনকে গ্রেপ্তার করে। রূপগঞ্জ থানা পুলিশ ১০ বোতল উইনসেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ী, পাঁচজন মাদকসেবী ও গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত চারজনসহ মোট ১০ জনকে গ্রেপ্তার করে।
এ ছাড়া বন্দর থানা পুলিশ ২০টি ইয়াবাসহ দুইজন মাদক ব্যবসায়ী, একজন মাদকসেবী, গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত দুজন ও অন্যান্য ধারায় একজনসহ ছয়জনকে গ্রেপ্তার করে। নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশ ৩০টি ইয়াবাসহ একজন মাদক ব্যবসায়ী ও তিনজন মাদকসেবীকে গ্রেপ্তার করে।
অন্যদিকে, আড়াইহাজার থানা পুলিশ দুইজন মাদকসেবী ও গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত একজনকে গ্রেপ্তার করে।
অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী জানান, জেলার সাতটি থানা ও ডিবি পুলিশের সমন্বয়ে পরিচালিত বিশেষ অভিযানে ৮৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ইয়াবা, গাঁজা ও উইনসেরেক্স উদ্ধার করা হয়।











