খবরবাংলা ডেস্ক :
জুলাই আন্দোলনে হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য উপদেষ্টা ও বেসরকারি টেলিভিশন চ্যানেল ডিবিসি নিউজের চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হক তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।
মামলার তদন্ত কর্মকর্তা যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ আমির হোসেন এ আবেদন করেন। প্রসিকিউশন বিভাগের এসআই মহিন উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
বৃহস্পতিবার বিকেল ৩টা ৫০ মিনিটে ইকবাল সোবহান চৌধুরীকে সিএমএম আদালতের হাজতখানা থেকে শুনানির জন্য আদালতে তোলা হয়। পরে বিকেল ৪টা ১ মিনিটে বিচারক এজলাসে ওঠেন।
শুনানিতে আসামিপক্ষের আইনজীবী চৌধুরী মো. গালিব রাকিবসহ কয়েকজন তার বয়স বিবেচনায় কারাগারে সুচিকিৎসার ব্যবস্থা করার আবেদন জানান।
অন্যদিকে রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকী তাকে গ্রেপ্তার দেখানোর পক্ষে শুনানি করেন। তিনি অভিযোগ করেন, জুলাই আন্দোলন চলাকালে গণভবনে শেখ হাসিনার সঙ্গে আন্দোলন দমনের বিষয়ে বৈঠক করেছিলেন ইকবাল সোবহান চৌধুরী। তিনি তৎকালীন সরকারকে সহযোগিতা করেছিলেন বলেও দাবি করেন রাষ্ট্রপক্ষের এই আইনজীবী।
রাষ্ট্রপক্ষের আইনজীবী আরও অভিযোগ করেন, তথ্য উপদেষ্টার দায়িত্ব পাওয়া এবং ডিবিসি নিউজের সিইও হওয়ার পেছনে তৎকালীন সরকারের সহযোগিতা ছিল। এ ছাড়া ‘এডিবি’ নামের একটি গ্রুপ খুলে শেখ হাসিনাকে সহায়তা এবং ক্ষমতার অপব্যবহার করে গুলশান ও বনানীতে সম্পদ অর্জনের অভিযোগও তোলেন তিনি।
কারাগারে সুচিকিৎসার বিষয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, জেল কোড অনুযায়ী তিনি কোনো বিশেষ সুবিধার যোগ্য হলে তা পেতে পারেন।
অন্যদিকে আসামিপক্ষের আইনজীবীরা দাবি করেন, ইকবাল সোবহান চৌধুরী তথ্য উপদেষ্টার দায়িত্বে থাকায় মন্ত্রী পর্যায়ের মর্যাদা বিবেচনায় জেল কোড অনুযায়ী বিশেষ সুবিধা পাওয়ার যোগ্য।
এর জবাবে রাষ্ট্রপক্ষ জানায়, তিনি ওই পদমর্যাদার ছিলেন না। তাই কারাগারে বিশেষ সুবিধা পাওয়ার সুযোগ নেই।
উভয় পক্ষের বক্তব্য শুনে বিচারক বলেন, সামাজিক পদমর্যাদা অনুযায়ী তিনি যতটুকু মর্যাদা পাওয়ার যোগ্য, ততটুকুই পাবেন।
এর আগে বুধবার (৪ নভেম্বর) দুপুরে রাজধানীর মহাখালীতে বেসরকারি টেলিভিশন চ্যানেল ডিবিসি নিউজের কার্যালয় থেকে চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরীকে আটক করে পুলিশ। ওই সময় প্রতিষ্ঠানটির প্রধান অপরাধ প্রতিবেদক রাজীব ঘোষকেও পুলিশ নিয়ে যায়।
তথ্য সূত্র : কালের কণ্ঠ










