খবরবাংলা ডেস্ক :
প্রথম বিশ্বযুদ্ধে নিহত ও আত্মত্যাগকারী সৈনিকদের স্মরণে ঢাকায় ব্রিটিশ হাইকমিশনে বিশেষ স্মরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বুধবার (১১ নভেম্বর) রিমেমব্র্যান্স ডে উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন দেশের কূটনীতিক, সামরিক কর্মকর্তা ও প্রতিনিধিরা অংশ নিয়ে যুদ্ধে জীবন উৎসর্গকারীদের প্রতি শ্রদ্ধা জানান।
অনুষ্ঠানে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে নিহত সৈনিকদের স্মরণ করা হয়। এ সময় সামরিক পোশাকে উপস্থিত প্রতিনিধিরা স্যালুট ও নীরবতা পালনের মধ্য দিয়ে তাঁদের আত্মত্যাগের প্রতি সম্মান জানান।
ব্রিটিশ হাইকমিশন ঢাকার এক বার্তায় জানানো হয়, বাংলাদেশজুড়েও বিভিন্ন স্মরণ আয়োজনে অংশ নিয়েছে হাইকমিশন। এসব অনুষ্ঠানে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে দায়িত্ব পালন করতে গিয়ে জীবন উৎসর্গকারী ব্যক্তিদের স্মরণ করা হয়েছে।
প্রতি বছর ১১ নভেম্বর বিশ্বজুড়ে পালিত হয় রিমেমব্র্যান্স ডে। ১৯১৮ সালের ১১ নভেম্বর সকাল ১১টায় প্রথম বিশ্বযুদ্ধের যুদ্ধবিরতি কার্যকর হওয়ার ঐতিহাসিক ঘটনাকে স্মরণ করে দিবসটি পালন করা হয়।
দিবসটির অন্যতম প্রতীক লাল পপি ফুল। প্রথম বিশ্বযুদ্ধের যুদ্ধক্ষেত্রে নিহত ও আত্মত্যাগকারী সৈনিকদের স্মরণে এই ফুল ব্যবহার করা হয়। বিশেষ করে যুদ্ধের স্মৃতিবিজড়িত ইউরোপের বিভিন্ন দেশে রিমেমব্র্যান্স ডেতে পপি ফুল পরিধান ও প্রদর্শনের প্রচলন রয়েছে।
রিমেমব্র্যান্স ডের মূল বার্তা হলো ‘Lest We Forget’, যার অর্থ ‘আমরা যেন তাঁদের কখনো ভুলে না যাই’। যুদ্ধের ভয়াবহতা, আত্মত্যাগ এবং শান্তির গুরুত্ব স্মরণ করিয়ে দেয় দিনটি।
তথ্য সূত্র : কালের কণ্ঠ











