খবরবাংলা ডেস্ক :
রোগ প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। এসব স্বাস্থ্যকর্মীর ৮০ শতাংশই নারী বলে জানিয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ও চিকিৎসক জুবাইদা রহমান।
শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর গুলশানের একটি হোটেলে গবেষণা প্রতিষ্ঠান ইনস্টিটিউট ফর ডেভেলপিং সায়েন্স অ্যান্ড হেলথ ইনিশিয়েটিভসের (আইদেশি) এক যুগ পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।
জুবাইদা রহমান বলেন, দীর্ঘদিন ধরে স্বাস্থ্য খাতে অবহেলার কারণে রোগ প্রতিরোধমূলক ব্যবস্থাগুলো যথাযথ গুরুত্ব পায়নি। এর ফলে বাংলাদেশের ৯০ হাজারের বেশি গ্রামের লাখ লাখ নারী এমন সব রোগে ভুগছেন, যেগুলো সহজেই প্রতিরোধ করা সম্ভব। এ পরিস্থিতি পরিবর্তনে বর্তমান সরকার রোগ প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবার ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে।
তিনি আরও বলেন, এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হচ্ছে, যাদের ৮০ শতাংশই নারী। তারা সাধারণ মানুষের কাছে রোগ প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা ও সচেতনতার বার্তা পৌঁছে দিতে কাজ করবেন। এ ধরনের জ্ঞান মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে গবেষণা, পরীক্ষা-নিরীক্ষা ও পারস্পরিক আস্থা প্রয়োজন। গত ১২ বছর ধরে আইদেশি এ কাজ করে যাচ্ছে।
তরুণ বিজ্ঞানীদের উদ্দেশে তিনি বলেন, কাজের ধীরগতির কারণে কেউ কেউ হতাশ হতে পারেন। তবে তাদের মনে রাখতে হবে, তাদের গবেষণা ও কাজ অসংখ্য মানুষকে সুস্থ জীবনযাপনে সহায়তা করছে।
অনুষ্ঠানে আইদেশির প্রতিষ্ঠাতা ও প্রধান ফেরদৌসী কাদরীসহ প্রতিষ্ঠানটির বিজ্ঞানী ও কর্মীদের আন্তরিক প্রশংসা ও অভিনন্দন জানান জুবাইদা রহমান।
তথ্য সূত্র : কালের কণ্ঠ











