খবরবাংলা ডেস্ক :
বাংলাদেশে অস্ট্রেলীয় বিনিয়োগ সম্প্রসারণ এবং আশ্রিত রোহিঙ্গাদের নিরাপদ ও টেকসই প্রত্যাবাসনে অস্ট্রেলিয়ার সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় উন্নয়নশীল ও ঝুঁকিপূর্ণ দেশগুলোর স্বার্থকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) তুরস্কের আন্তালিয়ায় জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন কপ-৩১-এর সাইডলাইনে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে এসব বিষয় নিয়ে আলোচনা করেন তারেক রহমান। স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত বৈঠকে জলবায়ু পরিবর্তন, বিনিয়োগ, কৃষি খাতের উন্নয়ন ও রোহিঙ্গা সংকটসহ দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় গুরুত্ব পায়।
বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান অ্যান্থনি আলবানিজকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। জবাবে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী আগামী বছর সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আশাবাদ ব্যক্ত করেন। একই সঙ্গে আলবানিজও তারেক রহমানকে অস্ট্রেলিয়া সফরের আমন্ত্রণ জানান। প্রধানমন্ত্রী সুবিধাজনক সময়ে অস্ট্রেলিয়া সফরের আগ্রহ প্রকাশ করেন।
জলবায়ু পরিবর্তন মোকাবেলার বিষয়ে তারেক রহমান বলেন, এ ক্ষেত্রে উন্নয়নশীল ও বিশেষভাবে ঝুঁকিপূর্ণ দেশগুলোর প্রয়োজনকে অগ্রাধিকার দেওয়া জরুরি। কপ-৩১-এর চলমান আলোচনা প্রক্রিয়ায় অস্ট্রেলিয়ার নেতৃত্বের ভূমিকারও প্রশংসা করেন তিনি।
বাংলাদেশে বিদেশি বিনিয়োগের সম্ভাবনা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, দেশে অস্ট্রেলীয় বিনিয়োগ সম্প্রসারণের সুযোগ রয়েছে। দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার করতে বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্ব দেন তিনি। এ সময় কৃষি খাতের উন্নয়ন ও পারস্পরিক সহযোগিতার বিষয়েও আলোচনা হয়।
রোহিঙ্গা সংকট প্রসঙ্গে তারেক রহমান বলেন, বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিরাপদে নিজ দেশ মিয়ানমারে ফিরিয়ে নেওয়াই এ সংকটের স্থায়ী সমাধান। এ লক্ষ্যে অস্ট্রেলিয়ার কূটনৈতিক তৎপরতা আরও জোরদার করার আহ্বান জানান তিনি।
প্রধানমন্ত্রী উল্লেখ করেন, রোহিঙ্গা সংকটের উৎপত্তি মিয়ানমারে এবং এর স্থায়ী সমাধানও দেশটিতেই নিহিত। রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর ভূমিকা প্রয়োজন বলেও জানান তিনি।
বৈঠকে বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতের পরিকল্পনাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি জানান, ২০৩০ সালের মধ্যে দেশের মোট বিদ্যুৎ চাহিদার ২০ শতাংশ নবায়নযোগ্য জ্বালানি থেকে পূরণের লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার।
এ ছাড়া পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন তারেক রহমান। আগামী পাঁচ বছরে দেশব্যাপী ২৫ কোটি গাছ রোপণ এবং নদী-খাল খননসহ বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের পরিকল্পনার কথাও জানান তিনি।
তথ্য সূত্র : কালের কণ্ঠ











