খবরবাংলা ডেস্ক :
কোনো ধরনের অভিবাসন ব্যয় ছাড়াই মালয়েশিয়ায় ১১২ জন বাংলাদেশি কর্মী নিয়োগ দিতে যাচ্ছে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)। দেশটির স্বনামধন্য প্রতিষ্ঠান ডিএইচএল সাপ্লাই চেইন (মালয়েশিয়া) এসডিএন বিএইচডিতে এসব কর্মী নিয়োগ দেওয়া হবে। এ নিয়োগের সব অভিবাসন ব্যয় বহন করবে নিয়োগকারী প্রতিষ্ঠান। ফলে কর্মীদের বিদেশ যেতে কোনো টাকা খরচ করতে হবে না।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) বোয়েসেলের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হক এসব তথ্য জানান।
সংবাদ সম্মেলনে জানানো হয়, সরকারের উদ্যোগে সম্পূর্ণ বিনা অভিবাসন ব্যয়ে মালয়েশিয়ায় মোট ১০ হাজার কর্মী পাঠানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। নিয়োগকারী প্রতিষ্ঠানগুলোর চাহিদার ভিত্তিতে পর্যায়ক্রমে এ কার্যক্রম বাস্তবায়ন করা হবে। এর অংশ হিসেবে প্রথম ধাপে ১১২ জন কর্মী নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে।
বোয়েসেল সূত্রে জানা গেছে, গত ২ নভেম্বর মালয়েশিয়ার ডিএইচএল সাপ্লাই চেইন থেকে কর্মী নিয়োগের চাহিদাপত্র পাওয়া যায়। এরপর ৫ নভেম্বর অনলাইনে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। ৬ নভেম্বর সকাল ১০টা থেকে ৮ নভেম্বর বিকেল ৪টা পর্যন্ত আবেদন গ্রহণ করা হয়। নির্ধারিত সময়ে মোট ৪ হাজার ২৯টি আবেদন জমা পড়ে।
আবেদনকারীদের সমান সুযোগ এবং বাছাই প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করতে ৮ নভেম্বর বিকেল সাড়ে ৪টায় অনলাইন সফটওয়্যারের মাধ্যমে লটারি অনুষ্ঠিত হয়। এতে দুটি পদে মোট ৩০০ জনকে প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়েছে। তাঁদের মধ্যে অপারেশনস অ্যাসিস্ট্যান্ট পদে ২০০ জন এবং টেকনিক্যাল স্কিল ওয়ার্কার পদে ১০০ জন রয়েছেন।
প্রাথমিকভাবে নির্বাচিত ৩০০ জনের মধ্য থেকে পেশাগত দক্ষতা, ব্যবহারিক সক্ষমতা ও কাজের উপযোগিতা যাচাই করে চূড়ান্তভাবে ১১২ জনকে নিয়োগ দেওয়া হবে। এ জন্য মালয়েশিয়া থেকে নয় সদস্যের একটি প্রতিনিধিদল বাংলাদেশে এসেছে। প্রতিনিধিদলটি ১২ থেকে ১৫ নভেম্বর পর্যন্ত সরাসরি ব্যবহারিক পরীক্ষা ও সাক্ষাৎকার গ্রহণ করবে।
সংবাদ সম্মেলনে বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হক বলেন, নিয়োগের বাছাই প্রক্রিয়ায় বোয়েসেল কোনো ধরনের হস্তক্ষেপ করছে না। নিয়োগকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা প্রার্থীদের যোগ্যতা যাচাই করে যাঁদের নির্বাচন করবেন, তাঁরাই চূড়ান্তভাবে নিয়োগ পাবেন।
তিনি আরও বলেন, মালয়েশিয়া বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম শ্রমবাজার। বিদেশে কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর পাশাপাশি নিরাপদ, নৈতিক ও দক্ষ অভিবাসন নিশ্চিত করতে কাজ করছে বোয়েসেল। এ নিয়োগের ক্ষেত্রে কর্মীদের অভিবাসনসংক্রান্ত সরকার নির্ধারিত সব ব্যয় নিয়োগকারী প্রতিষ্ঠান বহন করবে। বোয়েসেলও নিয়োগকারী প্রতিষ্ঠান কিংবা কর্মীদের কাছ থেকে কোনো অভিবাসন ব্যয় বা সার্ভিস চার্জ নেবে না।
‘জিরো মানে জিরো’ উল্লেখ করে বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক বলেন, অর্থের অভাবে যেন কোনো যোগ্য ও কর্মক্ষম মানুষ বিদেশে কাজের সুযোগ থেকে বঞ্চিত না হন, সেটিই তাঁদের লক্ষ্য। একজন সাধারণ শ্রমিক যেন নিজের শ্রম, দক্ষতা ও যোগ্যতার ভিত্তিতে বিদেশে কাজের সুযোগ পান, সেই উদ্দেশ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
নিয়োগ প্রক্রিয়ায় দালাল, মধ্যস্বত্বভোগী কিংবা অননুমোদিত কেউ অর্থ দাবি করলে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে বোয়েসেল। একই সঙ্গে কোনো প্রার্থী অনৈতিক আর্থিক লেনদেনে জড়ালে প্রমাণ সাপেক্ষে সংশ্লিষ্ট সবার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করা হয়েছে। এ কারণে প্রার্থীদের কোনো ধরনের আর্থিক লেনদেন না করার পরামর্শ দিয়েছে সংস্থাটি।
বোয়েসেলের প্রত্যাশা, শূন্য অভিবাসন ব্যয়ে এ নিয়োগ কার্যক্রম সফল হলে মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশি কর্মীদের জন্য আরও কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। পাশাপাশি নিরাপদ, সাশ্রয়ী ও মর্যাদাপূর্ণ অভিবাসনের ক্ষেত্রে এ উদ্যোগ একটি দৃষ্টান্ত হয়ে উঠবে।
তথ্য সূত্র : কালের কণ্ঠ











