মির্জাপুর সংবাদ দাতা
টাঙ্গাইলের মির্জাপুরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নিহত কলেজছাত্র ইমন হত্যা মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার গোলাম রাব্বানী যুবরাজ ভাতগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি এ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি।
শনিবার (১৪ নভেম্বর) সকালে মির্জাপুর উপজেলা সদরের পোস্টকামুরী পূর্বপাড়া রেললাইন ক্রসিং এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গোলাম রাব্বানী যুবরাজ ভাতগ্রাম ইউনিয়নের গোড়াইল গ্রামের আব্দুস ছবুর মিয়ার ছেলে।
পুলিশ জানায়, ২০২৪ সালের ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে মির্জাপুরের সোহাগপাড়া এলাকায় গোড়াই হাইওয়ে থানার সামনে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় পুলিশের গুলিতে গুরুতর আহত হন গোপালপুর উপজেলার নলিন বাজার এলাকার বাসিন্দা এবং মনিরুজ্জামান খান কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ইমন (১৮)।
পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৮ আগস্ট মারা যান তিনি। এ ঘটনায় নিহত ইমনের ভাই সুমন বাদী হয়ে মির্জাপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলায় সাবেক মন্ত্রী, সংসদ সদস্যসহ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের আসামি করা হয়। ওই মামলায় আদালত গোলাম রাব্বানী যুবরাজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পোস্টকামুরী পূর্বপাড়া এলাকা থেকে ওয়ারেন্টভুক্ত আসামি গোলাম রাব্বানী যুবরাজকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে শনিবার বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।











