খবরবাংলা ডেস্ক :
পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণে নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভা স্থগিত করা হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) বেলা ১১টায় রাজধানীর শ্রম ভবনে সভাটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে সকালে ‘অনিবার্য’ কারণ দেখিয়ে সভা স্থগিতের ঘোষণা দেওয়া হয়। শিগগিরই সভার নতুন তারিখ নির্ধারণ করা হবে বলে জানিয়েছে মজুরি বোর্ড।
জানা গেছে, বোর্ডের স্থায়ী সদস্য ও জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তার অনুপস্থিতিতে সভা করতে চায়নি বোর্ড। আজকের সভায় মালিকপক্ষের প্রতিনিধিদের নতুন বেতন কাঠামোর প্রস্তাব উপস্থাপনের কথা ছিল।
পোশাকশ্রমিকরা মজুরি বৃদ্ধির দাবিতে গত মাস থেকে আন্দোলন করে আসছেন। এর পরিপ্রেক্ষিতে গত ১ নভেম্বর শ্রম মন্ত্রণালয় নিম্নতম মজুরি বোর্ড গঠন করে। গত সোমবার অনুষ্ঠিত বোর্ডের দ্বিতীয় সভায় শ্রমিকপক্ষের প্রতিনিধিরা ন্যূনতম ৩২ হাজার টাকা মজুরি নির্ধারণের প্রস্তাব দেন।
অন্যদিকে, পোশাকশিল্পের বর্তমান সক্ষমতা বিবেচনায় নিয়ে মজুরি কাঠামোর প্রস্তাব তৈরি করা হচ্ছে বলে জানিয়েছেন উদ্যোক্তারা।
উল্লেখ্য, পোশাকশ্রমিকদের সর্বশেষ নিম্নতম মজুরি ঘোষণা করা হয়েছিল ২০২৩ সালের নভেম্বরে, যা কার্যকর হয় ওই বছরের ডিসেম্বর থেকে। সে হিসাবে চলতি নভেম্বরে বর্তমান মজুরি কাঠামোর মেয়াদ শেষ হওয়ার কথা। ২০২৩ সালে শ্রমিকদের ন্যূনতম মজুরি ৮ হাজার টাকা থেকে বাড়িয়ে ১২ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়। এতে মজুরি বৃদ্ধি পায় ৫৬ শতাংশ।
তথ্য সূত্র : যমুনা টিভি











