খবরবাংলা ডেস্ক :
তৈরি পোশাক খাতের শ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি ১৮ হাজার ৫৭৮ টাকা থেকে ২৪ হাজার ২০৪ টাকার মধ্যে নির্ধারণের প্রস্তাব দিয়েছে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। জীবনযাত্রার ব্যয় ও শ্রমিকদের ন্যূনতম চাহিদা বিবেচনায় নিয়ে আলোচনার মাধ্যমে এই মজুরি নির্ধারণের সুপারিশ করেছে সংস্থাটি।
বুধবার (১৮ নভেম্বর) সকালে রাজধানীর ধানমন্ডিতে সিপিডির কার্যালয়ে আয়োজিত এক মিডিয়া ব্রিফিংয়ে এ প্রস্তাব তুলে ধরা হয়। ‘পোশাক খাতে ন্যায্য মজুরি ২০২৬: বিবেচ্য বিষয়সমূহ’ শীর্ষক এই ব্রিফিংয়ে শ্রমিকদের মজুরি নির্ধারণের বিভিন্ন দিক তুলে ধরে গবেষণা সংস্থাটি।
সিপিডির হিসাব অনুযায়ী, মূল্যস্ফীতির সঙ্গে সমন্বয় করলে ২০২৩ সালে নির্ধারিত ১২ হাজার ৫০০ টাকার ন্যূনতম মজুরি বর্তমানে ১৬ হাজার ৩৫১ টাকার সমান। অন্যদিকে, চার সদস্যের একটি পরিবারকে দারিদ্র্যসীমার ওপরে রাখতে মাসে অন্তত ১৮ হাজার ৫৭৮ টাকা প্রয়োজন।
এ ছাড়া শ্রমিকদের জন্য ন্যূনতম মর্যাদাপূর্ণ জীবনযাপন নিশ্চিত করতে প্রয়োজন ২৪ হাজার ২০৪ টাকা। এই হিসাব বিবেচনায় নিয়ে নতুন ন্যূনতম মজুরি নির্ধারণে আলোচনার প্রস্তাব দিয়েছে সিপিডি।
সংস্থাটির মতে, পোশাক শ্রমিকদের মজুরি নির্ধারণের ক্ষেত্রে শুধু মালিক ও শ্রমিকপক্ষের দর-কষাকষির ওপর নির্ভর করলে চলবে না। এ ক্ষেত্রে জীবনযাত্রার ব্যয়, মূল্যস্ফীতি, উৎপাদনশীলতা এবং পোশাকশিল্পের সামগ্রিক সক্ষমতাকে গুরুত্ব দিতে হবে।
সিপিডি বলছে, শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করতে একটি প্রমাণনির্ভর পদ্ধতি চালু করা প্রয়োজন। এর মাধ্যমে শ্রমিকদের জীবনমান উন্নয়নের পাশাপাশি শিল্পের টেকসই সক্ষমতার বিষয়টিও বিবেচনায় রাখা সম্ভব হবে।
তথ্য সূত্র : কালের কণ্ঠ











