খবরবাংলা ডেস্ক :
‘অ্যালেন স্বপন’ চরিত্রের মাধ্যমে দর্শকমহলে আলাদা পরিচিতি পেয়েছেন অভিনেতা নাসির উদ্দিন খান। ২০২২ সালে ‘সিন্ডিকেট’ ওয়েব সিরিজের মাধ্যমে চরিত্রটির যাত্রা শুরু হয়। পরে স্পিন-অফ সিরিজ ‘মাইশেলফ অ্যালেন স্বপন’-এর প্রথম ও দ্বিতীয় সিজনেও দর্শকের প্রশংসা পায় চরিত্রটি। এবার আসছে সিরিজটির তৃতীয় কিস্তি। তবে নতুন সিজনে থাকছে বড় পরিবর্তন। শায়লা চরিত্রে দেখা যাবে না অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলাকে। তাঁর পরিবর্তে যুক্ত হচ্ছেন অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা।
জানা গেছে, নতুন সিজনেও অ্যালেন স্বপন চরিত্রে ফিরছেন নাসির উদ্দিন খান। তবে আগের দুই সিজনে তাঁর বিপরীতে শায়লা চরিত্রে অভিনয় করা মিথিলা এবার থাকছেন না। নতুন সংযোজন হিসেবে প্রভাকে দেখা যাবে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে। যদিও তাঁর চরিত্রের ধরন কিংবা গল্পে ভূমিকা সম্পর্কে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি।
বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন রাফিয়াত রশিদ মিথিলা। গত অক্টোবরে নিউইয়র্কের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের ‘আর্ভিং ইনস্টিটিউট ফর ক্লিনিক্যাল অ্যান্ড ট্রান্সলেশনাল রিসার্চ’-এ অ্যাসোসিয়েট রিসার্চ সায়েন্টিস্ট হিসেবে যোগ দিয়েছেন তিনি। পাশাপাশি সিটি ইউনিভার্সিটি অব নিউইয়র্কে শিক্ষকতাও শুরু করেছেন। মূলত পেশাগত ব্যস্ততার কারণেই নতুন সিজনে কাজ করা হচ্ছে না তাঁর।
জানা গেছে, মিথিলার সঙ্গে কাজের বিষয়ে শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করেছিল নির্মাতা দল। তবে শেষ পর্যন্ত তাঁকে ছাড়াই নতুন সিজনের কাজ এগিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
ইতিমধ্যে শুরু হয়েছে ‘মাইশেলফ অ্যালেন স্বপন ৩’-এর শুটিং। তবে এখনো ক্যামেরার সামনে দাঁড়াননি প্রভা। চলতি মাসের শেষ দিকে তাঁর শুটিংয়ে অংশ নেওয়ার কথা রয়েছে। নির্মাণ পরিকল্পনা অনুযায়ী, আগামী মাসের মাঝামাঝি পুরো কাজ শেষ হওয়ার কথা। নাসির উদ্দিন খান ও প্রভা ছাড়াও সিরিজটিতে অভিনয় করছেন সালাহউদ্দিন লাভলু, জয়রাজ, ফারজানা ছবি এবং আরও অনেকে।
নতুন সিজন নিয়ে আনুষ্ঠানিক ঘোষণার আগে বিস্তারিত কিছু জানাতে চাননি নির্মাতা শিহাব শাহীন। তবে গত মাসে এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, এবারের গল্পে থাকবে নতুনত্ব এবং যুক্ত হবে বেশ কয়েকটি নতুন চরিত্র। জানা গেছে, তৃতীয় কিস্তির গল্প আবর্তিত হবে রাজধানী ঢাকাকে ঘিরে।
এর আগে ২০২৫ সালের ঈদুল ফিতরে মুক্তি পেয়েছিল ‘মাইশেলফ অ্যালেন স্বপন ২’। তবে প্রথম সিজনের মতো দ্বিতীয় কিস্তি দর্শকমহলে তেমন সাড়া ফেলতে পারেনি। একই সময়ে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল শিহাব শাহীন পরিচালিত সিনেমা ‘দাগি’। নির্মাতার ধারণা, একই সময়ে দুটি কাজ মুক্তি পাওয়ায় ‘অ্যালেন স্বপন’ সিরিজের প্রতি দর্শকের মনোযোগ কিছুটা ভাগ হয়ে গিয়েছিল।
তবে তৃতীয় সিজন নিয়ে নতুন পরিকল্পনায় এগোচ্ছেন নির্মাতা। সবকিছু ঠিক থাকলে আগামী বছর ঈদুল ফিতরে ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে ‘মাইশেলফ অ্যালেন স্বপন ৩’। নতুন সিজনে প্রভার সংযোজন এবং গল্পের পরিবর্তন দর্শকদের মধ্যে কতটা আগ্রহ তৈরি করে, এখন সেটিই দেখার বিষয়।











