খবরবাংলা ডেস্ক :
আওয়ামী লীগ সরকারের আমলে শতাধিক ব্যক্তিকে গুম ও হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের বিরুদ্ধে যুক্তিতর্ক শুরু হচ্ছে মঙ্গলবার (২৪ নভেম্বর)। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের অনুমতি সাপেক্ষে যুক্তিতর্কের কার্যক্রম বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও ফেসবুকে সরাসরি সম্প্রচার করা হবে।
সোমবার (২৩ নভেম্বর) প্রসিকিউটর গাজী এম এইচ তামীম এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, মঙ্গলবার জিয়াউল আহসানের মামলার যুক্তিতর্ক উপস্থাপন শুরু হবে। ট্রাইব্যুনালের অনুমতি পাওয়া গেলে বিটিভি এবং প্রসিকিউশনের ফেসবুক পেজ থেকে তা সরাসরি সম্প্রচার করা হবে।
এর আগে রোববার সাক্ষ্যগ্রহণ শেষ হওয়ার পর যুক্তিতর্ক উপস্থাপনের জন্য মঙ্গলবার দিন ধার্য করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।
প্রসিকিউশন সূত্রে জানা যায়, গত বছরের ১৭ ডিসেম্বর জিয়াউল আহসানের বিরুদ্ধে শতাধিক ব্যক্তিকে গুম ও হত্যার ঘটনায় তিনটি অভিযোগ এনে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়। পরে ১৪ জানুয়ারি তাঁর বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল।
জিয়াউল আহসান সর্বশেষ জাতীয় টেলিযোগাযোগ নজরদারি সংস্থা ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।
আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৪ সালের আগস্টের মাঝামাঝি সময়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে তাঁর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার বিচার কার্যক্রম চলছে।
তথ্য সূত্র : কালের কণ্ঠ











