খবরবাংলা ডেস্ক :
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনৈতিক তৎপরতা ও সহিংস কর্মকাণ্ড মোকাবিলায় বৃহত্তর রাজনৈতিক ঐক্য গড়ে তুলতে প্রধানমন্ত্রীর সংলাপের উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছে বিরোধী দল। তবে এই ঐক্য দীর্ঘমেয়াদি ও দেশের বৃহত্তর স্বার্থকে কেন্দ্র করে হওয়া উচিত বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
একই সঙ্গে শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে জনগণ প্রতিহত করবে বলেও মন্তব্য করেন তিনি।
অস্ট্রেলিয়া সফর শেষে বুধবার (২৫ নভেম্বর) সকাল ১০টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন জামায়াত আমির।
ডা. শফিকুর রহমান বলেন, প্রধানমন্ত্রী দেশের কথা চিন্তা করেই সংলাপের ডাক দিয়েছেন। তবে শুধু আলোচনায় সীমাবদ্ধ থাকলে হবে না, সংলাপের মাধ্যমে দীর্ঘমেয়াদি রাজনৈতিক ঐক্য গড়ে তুলতে হবে। দেশের বৃহত্তর স্বার্থে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
জুলাই সনদ বাস্তবায়ন না করায় দেশে অস্থিরতা তৈরি হয়েছিল বলেও মন্তব্য করেন তিনি। জামায়াত আমিরের দাবি, আওয়ামী লীগের ফ্যাসিবাদী চরিত্রের কোনো পরিবর্তন হয়নি। তাদের নির্যাতনে অতিষ্ঠ হয়েই বাংলাদেশের যুবসমাজ দলটিকে দেশ থেকে বিতাড়িত করতে বাধ্য হয়েছিল।
তিনি আরও বলেন, সব হত্যাকাণ্ডের বিচার সম্পন্ন না হওয়া পর্যন্ত আওয়ামী লীগকে ধৈর্য ধরতে হবে।
শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণার প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, জনগণ তা প্রতিহত করবে। একই সঙ্গে রাজনৈতিক স্থিতিশীলতা ও জাতীয় স্বার্থ রক্ষায় বৃহত্তর ঐক্যের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি।
তথ্য সূত্র : যমুনা টিভি











