খবরবাংলা ডেস্ক :
আওয়ামী লীগ সরকারের শাসনামলে শতাধিক ব্যক্তিকে গুম ও হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল আহসানের পক্ষে আজ রোববার (২৯ নভেম্বর) যুক্তিতর্ক উপস্থাপন করবে আসামিপক্ষ।
রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ এ যুক্তিতর্ক উপস্থাপনের কথা রয়েছে। বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে মামলাটির কার্যক্রম পরিচালিত হবে।
যুক্তিতর্ক উপস্থাপনের সময় কারাগার থেকে ভার্চুয়ালি যুক্ত থাকবেন জিয়াউল আহসান।
এর আগে, ১০৪ জনকে গুম ও হত্যার ঘটনায় জিয়াউল আহসানের সর্বোচ্চ শাস্তি দাবি করে যুক্তিতর্ক উপস্থাপন করেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল। একই সঙ্গে জিয়াউল আহসানের সব সম্পত্তি রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করে ভুক্তভোগীদের আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার আদেশও প্রার্থনা করেন তিনি।
রাষ্ট্রপক্ষের যুক্তিতর্কে মামলার অভিযোগ, উপস্থাপিত সাক্ষ্যপ্রমাণ, বিচারপ্রক্রিয়ার ন্যায়সংগততা এবং দেশি-বিদেশি আইন ও বিচারিক নজির তুলে ধরা হয়।
এবার আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপনের মধ্য দিয়ে মামলার বিচারিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ অগ্রগতি ঘটতে যাচ্ছে।











