খবরবাংলা ডেস্ক :
ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তাদের নতুন জাতীয় বেতন স্কেল অনুযায়ী বেতন দেওয়ার নির্দেশনা জারি করেছে স্থানীয় সরকার বিভাগ। নির্দেশনা অনুযায়ী, গত ১ জুলাই থেকে তাঁদের নতুন পে স্কেলের সুবিধা কার্যকর করতে হবে।
বুধবার (১১ নভেম্বর) স্থানীয় সরকার বিভাগের ইউনিয়ন পরিষদ-২ শাখা থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়।
নির্দেশনায় বলা হয়েছে, ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তাদের সরকারি কর্মচারীদের জন্য প্রযোজ্য ‘জাতীয় বেতন স্কেল, ২০২৬’-এর সুবিধা দেওয়ার বিষয়ে সরকার সম্মতি দিয়েছে। তবে তাঁদের বেতন নির্ধারণ ও প্রদানের ক্ষেত্রে অর্থ বিভাগের গত ১৭ সেপ্টেম্বর জারি করা এসআরও যথাযথভাবে অনুসরণ করতে হবে।
এতে আরও উল্লেখ করা হয়, গত ১ জুলাই থেকে ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তাদের বেতন নতুন জাতীয় বেতন স্কেল অনুযায়ী নির্ধারণ করতে হবে।
নির্দেশনাটি যথাযথভাবে বাস্তবায়নের জন্য দেশের সব জেলা প্রশাসক, জেলা প্রশাসকের কার্যালয়ের উপপরিচালক (স্থানীয় সরকার), জেলা হিসাবরক্ষণ কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে।
এর ফলে ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তাদের নতুন বেতন স্কেল অনুযায়ী বেতন নির্ধারণ ও প্রদানের প্রক্রিয়া বাস্তবায়নের পথ তৈরি হলো।
তথ্য সূত্র : কালের কণ্ঠ











