খবর বাংলা ডেস্ক :
চলমান রাজনৈতিক ও সামরিক উত্তেজনার কারণে বিশ্বকাপে অংশ নেওয়া ইরান ফুটবল দলের ওপর কঠোর ভ্রমণ বিধিনিষেধ আরোপ করেছিল যুক্তরাষ্ট্র। তবে সাম্প্রতিক যুদ্ধবিরতি সমঝোতার পর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় সেই নিষেধাজ্ঞা শিথিলের ইঙ্গিত দিয়েছে আয়োজক দেশটি।
টকস্পোর্টসের এক প্রতিবেদনে বলা হয়েছে, হোয়াইট হাউসের বিশ্বকাপ টাস্কফোর্সের প্রধান অ্যান্ড্রু জুলিয়ানি জানিয়েছেন, ইরান দলের জন্য আরোপিত ভ্রমণ বিধিনিষেধ শিথিলের বিষয়ে আলোচনা করতে প্রস্তুত মার্কিন প্রশাসন।
এমন সময় এই ইঙ্গিত এলো, যখন ইরান ফুটবল ফেডারেশন ফিফার কাছে আনুষ্ঠানিক অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছে। অভিযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছে যুক্তরাষ্ট্রে প্রবেশ ও অবস্থানসংক্রান্ত বিভিন্ন বিধিনিষেধ।
এর আগে লস অ্যাঞ্জেলেসে বেলজিয়ামের বিপক্ষে ম্যাচের আগে নির্ধারিত সময়ের দুই দিন আগে যুক্তরাষ্ট্রে প্রবেশের আবেদন করলেও তা অনুমোদন পায়নি ইরান দল। এতে অসন্তোষ প্রকাশ করেন দেশটির ফুটবল কর্মকর্তারা।
ইরানের এক মুখপাত্র জানান, বিশ্বকাপের প্রস্তুতি সূচি যথাসময়ে জমা দেওয়া হলেও আয়োজকদের কঠোর বিধিনিষেধের কারণে দলটি নানা ধরনের সমস্যার মুখোমুখি হয়েছে।
এ বিষয়ে অ্যান্ড্রু জুলিয়ানি বলেন, পরিস্থিতি দ্রুত পরিবর্তন হচ্ছে এবং এ নিয়ে আলোচনা সম্ভব। তিনি জানান, প্রতিযোগিতামূলক ও সুষ্ঠু টুর্নামেন্ট নিশ্চিত করাই যুক্তরাষ্ট্রের লক্ষ্য। এজন্য ইরান দলের কোচিং স্টাফদের ভিসা প্রদান করা হয়েছে।
এদিকে টুর্নামেন্টের পরবর্তী ধাপে ইরান দলের যুক্তরাষ্ট্রে অবস্থানের সময়সীমা বাড়ানোর সুযোগও তৈরি হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি। বিশেষ করে নকআউট পর্বের ম্যাচসূচি ও সম্ভাব্য প্রতিপক্ষের ওপর বিষয়টি নির্ভর করবে।
নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে ২-২ গোলে ড্র করার পরপরই ইরান দলকে যুক্তরাষ্ট্র ছাড়তে হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন অধিনায়ক মেহেদি তারেমি এবং প্রধান কোচ আমির ঘালেনোই। তারা পরিস্থিতিকে দলের জন্য বড় ধরনের অসুবিধা হিসেবে উল্লেখ করেন।
বিশ্বকাপের গ্রুপ পর্ব ও রাউন্ড অব ৩২-এর ফলাফলের ওপর নির্ভর করে আগামী ৩ জুলাই ডালাস বা ৬ জুলাই সিয়াটলে যুক্তরাষ্ট্র ও ইরানের মুখোমুখি হওয়ার সম্ভাবনাও রয়েছে। সম্ভাব্য এই হাই-প্রোফাইল ম্যাচকে সামনে রেখে নিরাপত্তা ও লজিস্টিকস বিষয়েও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
তথ্য সূত্র : কালের কণ্ঠ











