খবরবাংলা ডেস্ক :
জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনের জন্য গত সাড়ে ছয় বছরে নির্বাচন কমিশনে (ইসি) ৬৩ লাখ ৭৮ হাজার ৭৩০টি আবেদন জমা পড়েছে। এর মধ্যে প্রায় ৯৮ শতাংশ আবেদন নিষ্পত্তি করেছে সংস্থাটি। তবে যাচাই-বাছাই শেষে প্রায় ১৩ লাখ আবেদন বিভিন্ন কারণে বাতিল বা প্রত্যাখ্যান করা হয়েছে।
ইসির জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
প্রতিবেদন অনুযায়ী, ২০২০ সালের শুরু থেকে চলতি বছরের ২ আগস্ট পর্যন্ত মোট ৬২ লাখ ৩০ হাজার ৫৯২টি আবেদন নিষ্পত্তি হয়েছে। এর মধ্যে ৪০ লাখ ৬১ হাজার ১৪৬টি আবেদন অনুমোদন দেওয়া হয়েছে এবং ১২ লাখ ৯৫ হাজার ৪৫৪টি আবেদন বিভিন্ন কারণে বাতিল করা হয়েছে। বর্তমানে ১ লাখ ৪৭ হাজার ৭৭৮টি আবেদন প্রক্রিয়াধীন রয়েছে।
নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানান, নাগরিকরা নাম, জন্মতারিখ, ঠিকানাসহ বিভিন্ন তথ্য সংশোধনের জন্য আবেদন করেন। অধিকাংশ আবেদন উপজেলা পর্যায়েই নিষ্পত্তি হলেও জটিলতার ভিত্তিতে জেলা, আঞ্চলিক বা ঢাকার কেন্দ্রীয় কার্যালয়ে নিষ্পত্তি করা হয়।
প্রতিবেদন অনুযায়ী, সবচেয়ে বেশি আবেদন জমা পড়েছে উপজেলা নির্বাচন কর্মকর্তার এখতিয়ারভুক্ত ‘ক’ ক্যাটাগরিতে। এ ক্যাটাগরিতে আবেদন হয়েছে ৪১ লাখ ২৭ হাজার ৯৩৭টি, যা মোট আবেদনের প্রায় ৬৫ শতাংশ।
এছাড়া সিনিয়র জেলা বা জেলা নির্বাচন কর্মকর্তার ‘খ’ ক্যাটাগরিতে জমা হয়েছে ১২ লাখ ৪৩ হাজার ৮৪৬টি, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার ‘গ’ ক্যাটাগরিতে ৬ লাখ ২ হাজার ৭১৭টি, এনআইডি মহাপরিচালকের ‘ঘ’ ক্যাটাগরিতে ১ লাখ ৫৫ হাজার ৪৮৮টি, সহকারী উপজেলা নির্বাচন কর্মকর্তার ‘ক-১’ ক্যাটাগরিতে ১ লাখ ৩৮ হাজার ৩৭২টি এবং অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তার ‘খ-১’ ক্যাটাগরিতে ১ লাখ ১০ হাজার ১০টি আবেদন জমা হয়েছে।
স্ট্যান্ডার্ড অপারেশন প্রসিডিউর (এসওপি) অনুযায়ী ‘ক’, ‘ক-১’, ‘খ’, ‘খ-১’, ‘গ’ ও ‘ঘ’—এই ছয় ক্যাটাগরিতে আবেদন নিষ্পত্তি করা হয়।
ইসির জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচালক (অপারেশনস) মো. সাইফুল ইসলাম বলেন, চাকরির আবেদন, বিদেশযাত্রাসহ জরুরি প্রয়োজনের ক্ষেত্রে যৌক্তিক কারণ উল্লেখ থাকলে এনআইডি সংশোধনের আবেদন অগ্রাধিকার ভিত্তিতে নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হয়।
এদিকে, এনআইডি সংশোধনসংক্রান্ত সেবা আরও সহজ ও দ্রুত করতে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচালক (নিবন্ধন ও প্রবাসী)কে আহ্বায়ক করে চার সদস্যের একটি কমিটি গঠন করেছে নির্বাচন কমিশন। কমিশনের আশা, কমিটির সুপারিশ বাস্তবায়িত হলে এনআইডি সেবার মান আরও উন্নত হবে।
ইসির সর্বশেষ হালনাগাদ ভোটার তালিকা অনুযায়ী, দেশে বর্তমানে মোট ভোটার ১২ কোটি ৮৩ লাখ ২৩ হাজার ২৪০ জন। এর মধ্যে ৬ কোটি ৫২ লাখ ১২ হাজার ৭৩১ জন পুরুষ, ৬ কোটি ৩১ লাখ ৯ হাজার ২৬৬ জন নারী এবং ১ হাজার ২৪৩ জন হিজড়া ভোটার রয়েছেন।
তথ্য সূত্র : কালের কণ্ঠ











