কালিহাতী সংবাদ দাতা
টাঙ্গাইলের কালিহাতীতে রাজমিস্ত্রি ফয়সাল (১৮) হত্যা মামলায় দুই আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
বুধবার (১২ আগস্ট) দুপুরে টাঙ্গাইলের সিনিয়র দায়রা জজ মো. হাফিজুর রহমান এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্তরা হলেন কালিহাতী উপজেলার টুনি মগড়া গ্রামের কাজি বাড়ির মো. আ. আলীমের ছেলে মো. আ. মালেক (২১) এবং মো. রাশেদুল ইসলামের ছেলে মো. সজিব মিয়া (২০)।
রায়ে তাদের প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরও এক বছর বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
মামলার বিবরণে জানা যায়, ২০২৩ সালের ২২ ডিসেম্বর সন্ধ্যায় কালিহাতী উপজেলার মগড়া পূর্বপাড়া গ্রামের মো. রমজান আলীর ছেলে রাজমিস্ত্রি ফয়সাল বাড়ি থেকে বের হন। এরপর রাতে তিনি আর বাড়ি ফেরেননি। পরদিন সকালে ধলাটেংগর দক্ষিণপাড়ার কালিবাড়ী চকের একটি ইউক্যালিপটাস বাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
ধারালো অস্ত্রের আঘাতে ফয়সালের বুক, পিঠ, মুখ ও মাথায় একাধিক জখমের চিহ্ন পাওয়া যায়। এ ঘটনায় তার বাবা রমজান আলী বাদী হয়ে কালিহাতী থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা করেন।
পরে টাঙ্গাইল গোয়েন্দা পুলিশের (ডিবি) এসআই নাফিউল ইসলাম ২০২৪ সালের ১ জানুয়ারি সজিব মিয়া ও আ. মালেককে গ্রেপ্তার করেন। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে কালিবাড়ী খেয়াঘাটের পানির নিচ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি স্টিলের চাকু ও নিহতের মোবাইল ফোন উদ্ধার করা হয়। আসামিরা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দেন।
মামলার তদন্ত কর্মকর্তা ২০২৪ সালের ২৯ জুলাই দুই আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। বিচারক মামলায় ১২ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে বুধবার রায় ঘোষণা করেন।
রায় ঘোষণার পর দণ্ডপ্রাপ্ত দুই আসামিকে টাঙ্গাইল জেলা কারাগারে পাঠানো হয়েছে।











