খবর বাংলা ডেস্ক :
ঢাকার কেরানীগঞ্জে নির্মাণাধীন প্রকল্পে চীনা নাগরিককে কুপিয়ে গুরুতর জখম করে ডাকাতির ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এ সময় লুট হওয়া নগদ টাকা ও মূল্যবান সামগ্রী উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে র্যাব-১০ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ কামরুজ্জামান এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।
গ্রেপ্তাররা হলেন মাসুদ রানা (৪৩), নাছির পিয়াদা (৪০), হৃদয় মীর (২২), রোমান শেখ (৩৪) ও মামুন (৩২)।
র্যাব জানায়, গত ১৪ এপ্রিল রাতে দক্ষিণ কেরানীগঞ্জের একটি নির্মাণাধীন প্রকল্পে প্রায় ১৫ থেকে ১৬ জনের একটি সংঘবদ্ধ ডাকাতদল প্রবেশ করে নগদ অর্থ, মোবাইল ফোন, ঘড়ি ও অন্যান্য মূল্যবান সামগ্রী লুট করে। এ সময় বাধা দিতে গেলে ওয়েন জিনহুয়া (৫৫) নামের এক চীনা নাগরিককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয়। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার পর দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়। এরপর র্যাব-১০ দ্রুত অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করে এবং লুট হওয়া তিনটি দামি ব্র্যান্ডের ঘড়ি, দুটি মোবাইল ফোন ও নগদ ১ লাখ ৫ হাজার ৭০০ টাকা উদ্ধার করে।
র্যাব আরও জানায়, গ্রেপ্তারদের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে পূর্বে মাদক ও ছিনতাই সংক্রান্ত মামলা রয়েছে। পরবর্তীতে গ্রেপ্তার আসামি ও উদ্ধারকৃত মালামাল দক্ষিণ কেরানীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
তথ্য সূত্র : কালের কণ্ঠ











