খবরবাংলা ডেস্ক :
গ্রামীণ ব্যাংকের বিভিন্ন শাখায় ধারাবাহিক হামলা ও অগ্নিসংযোগের অভিযোগ তুলে উদ্বেগ প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রেসসচিব শফিকুল আলম। তাঁর দাবি, গত দুই সপ্তাহে গ্রামীণ ব্যাংকের ১৯টি শাখায় হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। তবে এসব ঘটনায় সুশীল সমাজের পক্ষ থেকে কোনো প্রতিবাদ বা বক্তব্য আসেনি বলেও অভিযোগ করেন তিনি।
সোমবার (১৭ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত ‘আওয়ামীপনা’ শীর্ষক এক সেমিনারে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
শফিকুল আলম বলেন, অধ্যাপক মুহাম্মদ ইউনূস গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠার মাধ্যমে দেশের বিপুলসংখ্যক মানুষকে দারিদ্র্য থেকে মুক্ত হতে সহায়তা করেছেন। প্রতিষ্ঠানটি ২০০৬ সালে ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে যৌথভাবে নোবেল শান্তি পুরস্কার অর্জন করে।
তিনি বলেন, ‘গ্রামীণ ব্যাংকের ব্রাঞ্চগুলোতে একের পর এক হামলা করা হচ্ছে। গত দুই সপ্তাহে ১৯টি শাখায় হামলা ও আগুন দেওয়া হয়েছে। নোবেলজয়ী একটি প্রতিষ্ঠানের ওপর এ ধরনের হামলার ঘটনায় সমাজের কাউকে প্রতিবাদ করতে দেখা যাচ্ছে না। সুশীল সমাজের কেউ একটি বিবৃতিও দিচ্ছেন না, টুঁ-শব্দটিও করছেন না।’
দেশের চলমান পরিস্থিতি থেকে উত্তরণ এবং বিভাজন ও রাজনৈতিক প্রভাবমুক্ত পরিবেশ প্রতিষ্ঠার জন্য জাতীয় ঐক্যের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি।
১৯৭৪ সালের দুর্ভিক্ষ, রক্ষীবাহিনীর কর্মকাণ্ড এবং ২০০৬ সালের ২৮ অক্টোবরের লগি-বৈঠার তাণ্ডবের প্রসঙ্গ টেনে শফিকুল আলম বলেন, ওই ঘটনায় ঢাকার কোটি মানুষের সামনে প্রকাশ্যে মানুষ পিটিয়ে হত্যা করা হলেও এর বিচার হয়নি। ২০০৭ সালে শেখ হাসিনার বিরুদ্ধে মামলা হলেও ২০০৮ সালে রাজনৈতিক সমঝোতার মাধ্যমে গওহর রিজভীরা কৌশলে সেই মামলা সরিয়ে ফেলেন বলে অভিযোগ করেন তিনি। তাঁর মতে, বিচারহীনতার সংস্কৃতির কারণেই আজ গোপালগঞ্জের মতো ঘটনা দেখা যাচ্ছে।
বিচারপ্রক্রিয়া সম্পন্ন হওয়ার আগেই ‘ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন’ বা সত্য ও পুনর্মিলনের আলোচনা নিয়েও কঠোর সমালোচনা করেন শফিকুল আলম। তিনি বলেন, ১৬ বছর ধরে যারা খুন, গুম ও দমন-পীড়ন চালিয়েছে, তাদের বিচার পাশ কাটিয়ে পুনর্মিলনের কথা বলে আওয়ামী লীগকে আবারও রাজনৈতিক প্ল্যাটফর্মে ফিরিয়ে আনার চেষ্টা চলছে।
এ সময় কিছু গণমাধ্যম ও জ্যেষ্ঠ সাংবাদিকের বিরুদ্ধেও অভিযোগ তোলেন তিনি। তাঁর দাবি, এসব গণমাধ্যম ও সাংবাদিক প্রতিদিন জুলাই গণঅভ্যুত্থান এবং ছাত্রনেতাদের হেয়প্রতিপন্ন করছেন।
নিজে প্রতিদিন হত্যার হুমকি পাচ্ছেন উল্লেখ করে সাবেক এই প্রেসসচিব বলেন, জুলাইয়ে বাংলাদেশের মানুষ যে জাগরণ সৃষ্টি করেছে, এরপর দেশ আর পিছিয়ে যাবে না। প্রয়োজনে ১০০ বছর ধরে এই অপশক্তির বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার কথাও জানান তিনি।
তথ্য সূত্র : কালের কণ্ঠ










