খবরবাংলা ডেস্ক :
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকনকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। মঙ্গলবার (১৭ নভেম্বর) রাজধানীর গুলশান-বারিধারার একটি বাসা থেকে তাঁকে গ্রেফতার করা হয়।
জানা গেছে, বারিধারার ৯ নম্বর রোডের ১৩ নম্বর বাসা থেকে এসআরবি-০১-এর একটি দল সাঈদ খোকনকে গ্রেফতার করে।
গ্রেফতারের পর তাঁকে গুলশান থানা পুলিশের হেফাজতে রাখা হয়েছে। একই সঙ্গে তাঁর বিরুদ্ধে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
সাঈদ খোকন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য। তিনি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রথম মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন। এ ছাড়া দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৬ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।
তাঁর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে। তবে কোন মামলায় তাঁকে গ্রেফতার করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানানো হয়নি।
তথ্য সূত্র : যমুনা টিভি











