খবরবাংলা ডেস্ক :
ভারত থেকে আমদানি করা ১৮টি আধুনিক রেলকোচের কারিগরি পরীক্ষা-নিরীক্ষা ও পরীক্ষামূলক চলাচল (ট্রায়াল রান) সম্পন্ন হয়েছে। সব প্রক্রিয়া শেষে কোচগুলো রেলওয়ের পাকশী ট্রাফিক বিভাগের কাছে হস্তান্তর করেছে সৈয়দপুর রেলওয়ে কারখানা কর্তৃপক্ষ।
সোমবার (১৬ নভেম্বর) সকাল ৮টার দিকে পাকশী রেলওয়ে বিভাগের প্রতিনিধিদের হাতে কোচগুলো আনুষ্ঠানিকভাবে বুঝিয়ে দেওয়া হয়। আগামী ১৯ নভেম্বর এসব কোচ দিয়ে পাবনা-ঢাকা সরাসরি আন্তনগর ট্রেনের উদ্বোধন এবং বাণিজ্যিক চলাচল শুরু হওয়ার কথা রয়েছে।
রেল কারখানা সূত্রে জানা যায়, সহকারী যান্ত্রিক প্রকৌশলী মো. সাইফুল ইসলাম (সিএন্ডডব্লিউ-২) এবং ঈশ্বরদীর প্রধান ট্রেন পরীক্ষক তন্ময় সরকারের কাছে কোচগুলো হস্তান্তর করা হয়। পরে সেগুলো পাকশীর উদ্দেশে সৈয়দপুর ত্যাগ করে।
এর আগে গত ১৭ অক্টোবর ভোর ৪টার দিকে ভারত থেকে প্রথম চালানের ১৮টি কোচ সৈয়দপুর রেলওয়ে কারখানায় পৌঁছায়। সেখানে কোচগুলোর বিশেষ ডিপ্রসেসিং, যান্ত্রিক পরীক্ষা-নিরীক্ষা ও কমিশনিং কার্যক্রম সম্পন্ন করা হয়।
পরীক্ষা-নিরীক্ষার অংশ হিসেবে গত ৮ নভেম্বর রেলপথে কোচগুলোর পরীক্ষামূলক ট্রায়াল রান পরিচালনা করা হয়। এতে উপস্থিত ছিলেন পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক (জিএম) আহম্মদ মাসুম, ভারত থেকে ২০০টি কোচ আমদানি প্রকল্পের পরিচালক জয়দুল ইসলাম এবং সৈয়দপুর রেলওয়ে কারখানার বিভাগীয় তত্ত্বাবধায়ক (ডিএস) শাহ সুফি নূর মোহাম্মদ। ট্রায়াল রান শেষে একই দিন কোচগুলো পঞ্চগড় থেকে সৈয়দপুর রেলওয়ে কারখানায় ফিরিয়ে আনা হয়।
সৈয়দপুর রেলওয়ে কারখানার বিভাগীয় তত্ত্বাবধায়ক শাহ সুফি নূর মোহাম্মদ জানান, ভারতীয় কোচগুলোর প্রয়োজনীয় কারিগরি পরীক্ষা শেষে সফলভাবে ট্রায়াল রান সম্পন্ন হয়েছে। এ কার্যক্রমে কারখানার প্রকৌশলীদের পাশাপাশি ভারতীয় বিশেষজ্ঞ দলও অংশ নেয়। ট্রায়াল রানে কোচগুলোর গতিসহ বিভিন্ন কারিগরি দিক পরীক্ষা করা হয়। পরীক্ষার ফলাফল মূল্যায়ন এবং প্রয়োজনীয় কারিগরি কাজ শেষ করে কোচগুলো ট্রাফিক বিভাগে হস্তান্তর করা হয়েছে। এখন এসব কোচ দিয়ে পাবনা এক্সপ্রেস চলাচল করবে।
আধুনিক সুযোগ-সুবিধা থাকছে নতুন কোচে
ইউরোপীয় মানদণ্ড অনুযায়ী তৈরি এসব কোচে যাত্রীদের নিরাপত্তা ও আরামদায়ক ভ্রমণের বিষয়টি বিশেষ গুরুত্ব পেয়েছে। এতে রয়েছে অ্যান্টি-টেলিস্কোপিক ও অ্যান্টি-ক্লাইম্বিং প্রযুক্তি, যা দুর্ঘটনা বা সংঘর্ষের সময় কোচ একটির ওপর আরেকটি উঠে যাওয়ার ঝুঁকি কমাতে সহায়তা করবে।
পুরোনো স্ক্রু কাপলিংয়ের পরিবর্তে উন্নত সিবিসি কাপলিং ব্যবহার করা হয়েছে। ফলে ট্রেন চলাচলের সময় ঝাঁকুনি কম হবে এবং যাত্রীরা তুলনামূলক আরামদায়ক ভ্রমণের সুযোগ পাবেন।
এ ছাড়া ছোট শিশুদের নিয়ে ভ্রমণকারী পরিবারের জন্য রয়েছে আলাদা বেবি কেয়ার রুম এবং যাত্রীদের নামাজ আদায়ের জন্য প্রার্থনাকক্ষ। বাংলাদেশের রেলপথের বাস্তবতা বিবেচনায় কোচগুলোর কাঠামো অতিরিক্ত ওজন বহনের উপযোগী করে শক্তিশালী করা হয়েছে।
আধুনিক অভ্যন্তরীণ সাজসজ্জার পাশাপাশি আসনে রাখা হয়েছে ফোল্ডিং সুবিধা। যাত্রীদের নিরাপত্তায় রয়েছে সিসিটিভি নজরদারি ব্যবস্থা এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত সহায়তা চাওয়ার জন্য প্যাসেঞ্জার অ্যালার্ম সিস্টেম।
তথ্য সূত্র : কালের কণ্ঠ











