কালিহাতী সংবাদ দাতা
সংসদ সদস্য হওয়ার লক্ষ্যে চারবার দল পরিবর্তন করেও শেষ পর্যন্ত টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনে জামানত হারিয়েছেন ইঞ্জিনিয়ার লিয়াকত আলী। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী হিসেবে তিনি লাঙল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন। এবার তিনি পেয়েছেন ৭৫৮ ভোট।
জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, টাঙ্গাইল-৪ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৭৪ হাজার ৯১৭ জন। ভোট দিয়েছেন ২ লাখ ২৮ হাজার ৭৭৮ জন, যা শতকরা ৬১ দশমিক ০২ ভাগ। প্রাপ্ত ভোটের হিসেবে লিয়াকত আলীর জামানত রক্ষা হয়নি।
স্থানীয় সূত্র জানায়, কালিহাতী উপজেলার দেউপুর গ্রামের সন্তান লিয়াকত আলী পেশায় ব্যবসায়ী। ২০০১ সালের পর তিনি এলাকায় রাজনৈতিক কর্মকাণ্ড শুরু করেন। প্রথমে কালিহাতী ডেভেলপমেন্ট ফোরাম (কেডিএফ) নামে একটি সংগঠনের মাধ্যমে সামাজিক কার্যক্রম চালান।
২০০৯ সালে আওয়ামী লীগে যোগ দিয়ে ২০১৫ সালে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হন এবং জেলা পরিষদের সদস্য নির্বাচিত হন। ২০১৮ সালে আওয়ামী লীগ থেকে পদত্যাগ করে কৃষক শ্রমিক জনতা লীগে যোগ দেন এবং ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করেন।
পরে জাতীয় পার্টিতে যোগ দিয়ে ২০২৪ সালের নির্বাচনে লাঙল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে ৫০০ ভোট পান। এরপর বিদিশা রহমানের নেতৃত্বাধীন জাতীয় পার্টিতে যোগ দিয়ে জেলা শাখার আহ্বায়ক হন। কিছুদিন পর আবার জি এম কাদেরের নেতৃত্বাধীন জাতীয় পার্টিতে ফিরে আসেন। সর্বশেষ নির্বাচনে জাতীয় পার্টির লাঙল প্রতীক নিয়ে অংশ নেন।
নির্বাচনে পরাজয়ের পর লিয়াকত আলী বলেন, তিনি আর নির্বাচন করবেন না এবং অবসর জীবন কাটাতে চান। ফলাফল নিয়ে তিনি বিস্ময় প্রকাশ করেন।
এ আসনে বিএনপির প্রার্থী লুৎফর রহমান মতিন ১ লাখ ৫ হাজার ৩৪২ ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী পেয়েছেন ৬২ হাজার ৫০৯ ভোট। এছাড়া জামায়াতে ইসলামীর খন্দকার আব্দুর রাজ্জাক পেয়েছেন ৫০ হাজার ১৯২ ভোট।











