টাঙ্গাইল সদর
,
সংবাদ দাতা
টাঙ্গাইল মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) একটি দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ ফেব্রুয়ারি) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের সেমিনার কক্ষে এই কর্মশালার আয়োজন করা হয়।
প্রশিক্ষণ কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. আনোয়ারুল আজীম আখন্দ। তিনি প্রধান অতিথির বক্তব্যে বলেন, আন্তর্জাতিক মানের গবেষণা ও প্রকল্প প্রস্তাবনা তৈরিতে দক্ষতা অর্জন বর্তমানে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের প্রশিক্ষণ শিক্ষকদের গবেষণা ভিত্তিক কাজকে আরও সমৃদ্ধ করবে এবং বিশ্ববিদ্যালয়ের একাডেমিক উৎকর্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি গবেষণায় নতুন ধারণা ও উদ্ভাবনী চিন্তার ওপর গুরুত্বারোপ করেন।
প্রশিক্ষণ কর্মশালার সভাপতিত্ব করেন পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ মতিউর রহমান। রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. জাকির ছায়াদউল্লাহ খান। স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. খাইরুল ইসলাম এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. শাহ্ আদিল ইশতিয়াক আহমদ। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন।
কর্মশালায় সাব-প্রজেক্ট প্রপোজাল লেখার কৌশল, গবেষণা পরিকল্পনা প্রণয়ন এবং মানসম্পন্ন প্রস্তাবনা তৈরির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। মূল লক্ষ্য ছিল শিক্ষকদের গবেষণা দক্ষতা বৃদ্ধি ও আন্তর্জাতিক মানসম্পন্ন প্রকল্প প্রস্তাবনা তৈরিতে সক্ষমতা উন্নয়ন। অংশগ্রহণকারীরা প্রশিক্ষণটিকে সময়োপযোগী ও কার্যকর হিসেবে মূল্যায়ন করেন।











