খবরবাংলা ডেস্ক :
টাঙ্গাইল শহরের আকুর টাকুর পাড়া এলাকায় এক ভবঘুরে নারীকে জাপটে ধরে ধর্ষণের চেষ্টার অভিযোগে ১৭ বছর বয়সী এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ভোরে সদর থানাধীন আদি টাঙ্গাইল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, সোমবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও তাদের নজরে আসে। ভিডিওটি পর্যালোচনা করে দেখা যায়, প্যাডেল সাইকেলে আসা এক ব্যক্তি ভাসানি রোডে টাঙ্গাইল শিক্ষাদীক্ষা একাডেমির সামনে এক অজ্ঞাতনামা নারীকে জাপটে ধরে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করছেন।
ভিডিওটি ছড়িয়ে পড়ার পর অভিযুক্তকে শনাক্তে অভিযান শুরু করে টাঙ্গাইল সদর থানা পুলিশ। পুলিশ পরিদর্শক (তদন্ত) ভীক্টর ব্যানার্জীর নেতৃত্বে একটি দল সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা, স্থানীয়ভাবে তথ্য সংগ্রহ এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় অনুসন্ধান চালায়।
পরে মঙ্গলবার ভোরে আদি টাঙ্গাইল এলাকায় অভিযান চালিয়ে ১৭ বছর বয়সী ওই কিশোরকে গ্রেপ্তার করা হয়। পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে কিশোরটি ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তবে অভিযোগটির আইনগত নিষ্পত্তি বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে হবে।
এ ঘটনায় টাঙ্গাইল সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(৪)(খ) ধারায় মামলা করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে গ্রেপ্তার কিশোরকে মঙ্গলবার বিকেলে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
টাঙ্গাইল সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এইচ এম মাহবুব রেজওয়ান সিদ্দিকী জানান, ভিডিওটি পুলিশের নজরে আসার পর দ্রুত সিসি ক্যামেরা ও তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযুক্তকে শনাক্ত করা হয়। পরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে।











