খবরবাংলা ডেস্ক :
টানা কয়েক দফা দাম কমার পর দেশে আবারও বেড়েছে স্বর্ণের দাম। সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) দাম ভ্যাটসহ নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকা।
বুধবার (২৮ অক্টোবর) সকালে নতুন এ মূল্য নির্ধারণ করে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে।
বাজুসের নতুন মূল্যতালিকা অনুযায়ী, ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরির দাম ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকা। এ ছাড়া ২১ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি ২ লাখ ১৩ হাজার ৪৩ টাকা, ১৮ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি ১ লাখ ৮২ হাজার ৯৫০ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের প্রতি ভরি ১ লাখ ৪৯ হাজার ৪৭৪ টাকা নির্ধারণ করা হয়েছে।
টানা কয়েক দফা দাম কমার পর স্বর্ণের মূল্যবৃদ্ধিতে নতুন মূল্যতালিকা অনুযায়ী এখন থেকে ক্রেতাদের স্বর্ণ কিনতে আগের তুলনায় বেশি অর্থ ব্যয় করতে হবে।
তথ্য সূত্র : যমুনা টিভি











