টাঙ্গাইল সদর
,
সংবাদ দাতা
জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ছুটি ঘোষণার পর উত্তরবঙ্গগামী ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড়ে ঢাকা-টাঙ্গাইল ও যমুনা সেতু মহাসড়কের বিভিন্ন এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়েছে। মঙ্গলবার সকাল থেকেই মহাসড়কে যানবাহনের চাপ বাড়তে থাকে। বিশেষ করে গাজীপুর ও ঢাকার শিল্পকারখানা এবং বিভিন্ন অফিস একসঙ্গে বন্ধ হয়ে যাওয়ায় বিপুল সংখ্যক মানুষ বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। এতে উত্তরবঙ্গমুখী সড়কে দীর্ঘ যানজট দেখা গেলেও ঢাকামুখী লেনে তুলনামূলক যান চলাচল স্বাভাবিক রয়েছে।
যাত্রীদের সঙ্গে কথা বলে জানা যায়, অনেকেই দুই থেকে তিন ঘণ্টা ধরে যানজটে আটকে আছেন। তাদের দাবি, সব কারখানা একযোগে ছুটি দেওয়ায় হঠাৎ চাপ বেড়ে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এ সময় মহাসড়কে ট্রাফিক পুলিশের উপস্থিতি খুব একটা চোখে পড়েনি বলেও অভিযোগ করেন কয়েকজন যাত্রী ও চালক। যানজট এড়াতে অনেক যানবাহন অভ্যন্তরীণ সড়ক ব্যবহার করার চেষ্টা করছে।
বাসযাত্রী ফিরোজা আক্তার জানান, ভোরে গাজীপুর বাইপাস এলাকা থেকে বাসে উঠলেও স্বল্প দূরত্ব পাড়ি দিতে কয়েক ঘণ্টা লেগেছে। তিনি অভিযোগ করেন, স্বাভাবিক ভাড়ার কয়েক গুণ বেশি নেওয়া হচ্ছে। আরেক যাত্রী সুফিয়ান বলেন, দীর্ঘ অপেক্ষার পর দ্বিগুণ ভাড়া দিয়ে দাঁড়িয়ে যাত্রা করতে হচ্ছে। অনেক যাত্রী অভিযোগ করেন, অতিরিক্ত যাত্রীর সুযোগ নিয়ে পরিবহন শ্রমিকরা ইচ্ছামতো ভাড়া আদায় করছেন।
তবে কয়েকজন পরিবহন শ্রমিক দাবি করেন, যাত্রীর চাপ অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় সাময়িকভাবে বেশি ভাড়া নেওয়া হচ্ছে এবং পরদিন পরিস্থিতি স্বাভাবিক হতে পারে। যাত্রীরা দ্রুত যানজট নিরসন ও ভাড়া নিয়ন্ত্রণে প্রশাসনের কার্যকর পদক্ষেপ প্রত্যাশা করেছেন।











