খবর বাংলা ডেস্ক :
বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছেড়ে দেওয়া বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে দলের প্রার্থী হিসেবে চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন রেজাউল করিম বাদশা। তিনি বর্তমানে বগুড়া জেলা বিএনপির সভাপতির দায়িত্বে রয়েছেন।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) গুলশানে দলীয় চেয়ারপারসনের কার্যালয় থেকে তার নাম ঘোষণা করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মো. মোশারফ হোসেন। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খানও সামাজিক যোগাযোগমাধ্যমে মনোনয়নের তথ্য জানান।
গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমান বগুড়া-৬ ও ঢাকা-১৭ আসনে জয়লাভ করেন। সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে একটি আসন ছেড়ে দিতে হওয়ায় তিনি বগুড়া-৬ আসনটি ছেড়ে দেন। ফলে আসনটি শূন্য ঘোষণা করা হয় এবং আগামী ৯ এপ্রিল উপনির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ আসনে ধানের শীষ প্রতীকে নিরঙ্কুশ জয় পান তারেক রহমান। এ আসনে মোট ভোটার চার লাখ ৫৪ হাজার ৪৩ জন এবং ভোট পড়েছিল ৭১ দশমিক তিন শতাংশ।
১৯৯১ থেকে ২০০৮ সাল পর্যন্ত অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে এ আসনে বিএনপির প্রার্থীরা ধারাবাহিকভাবে জয়লাভ করেন। ১৯৯৬, ২০০১ ও ২০০৮ সালে ধানের শীষ প্রতীকে বিজয়ী হন বিএনপির সাবেক চেয়ারপারসন খালেদা জিয়া।
তথ্য সূত্র : একাত্তর টিভি











