টাঙ্গাইল সদর সংবাদ দাতা
টাঙ্গাইলের তিন উপজেলায় গত সাত দিনে পৃথক পাঁচটি হত্যাকাণ্ডের ঘটনায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। সর্বশেষ শনিবার রাতে সদর উপজেলার মগড়া ইউনিয়নের কুইজবাড়ি বাজারে মাসুদ মিয়া নামে এক মুদি দোকানিকে পিটিয়ে হত্যা করা হয়। রোববার সকালে পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
এর আগে ১ জুলাই সখীপুর উপজেলা হাসপাতাল গেটসংলগ্ন একটি ডোবা থেকে পারভীন আক্তার নামে এক বিধবা নারীর মরদেহ উদ্ধার করা হয়। একই সময়ে সদর উপজেলার বিশ্বাস বেতকা এলাকা থেকে নাজমা আলম নাজু নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় স্থানীয় এক মসজিদের মুয়াজ্জিনকে গ্রেপ্তার করা হয়েছে।
এদিকে নাগরপুর উপজেলার বিন্নাওঝা গ্রামের একটি পাটক্ষেত থেকে নিখোঁজের তিন দিন পর শওকত মোল্লা নামে এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়। এছাড়া সদর উপজেলার কৃষ্ণপুর এলাকায় কাঁঠাল পাড়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ছানোয়ার মিয়া নিহত হন।
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ উমর ফারুক বলেন, সামাজিক মূল্যবোধের অবক্ষয়, নৈতিক শিক্ষার ঘাটতি এবং অতিরিক্ত মোবাইল আসক্তি অপরাধ বৃদ্ধির অন্যতম কারণ। এসব মোকাবিলায় পরিবার ও সমাজকে আরও সচেতন হতে হবে।
টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. আদিবুল ইসলাম বলেন, সামাজিক অবক্ষয় রোধে পরিবারের ভূমিকা গুরুত্বপূর্ণ। একই সঙ্গে অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা অব্যাহত থাকবে।











