সখিপুর সংবাদ দাতা
টাঙ্গাইলের সখীপুর উপজেলায় তীব্র বিদ্যুৎ সংকট ও ঘন ঘন লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। অনেক এলাকায় ২৪ ঘণ্টায় মাত্র ৭-৮ ঘণ্টা, কোথাও এরও কম সময় বিদ্যুৎ মিলছে। বৈরী আবহাওয়া ও প্রচণ্ড গরমের মধ্যে দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। চলমান বিশ্বকাপ ফুটবল ম্যাচ উপভোগ করতেও ভোগান্তির শিকার হচ্ছেন দর্শকরা।
উপজেলার দেবরাজ, কুতুবপুর, কালমেঘা, বড়চওনা, হামিদপুর, হতেয়া, রাজাবাড়ি, কীর্তনখোলা, বেতুয়া, কালিয়ান, লাঙ্গুলিয়াসহ প্রায় সব এলাকাতেই একই পরিস্থিতি বিরাজ করছে। স্থানীয়রা জানান, এক ঘণ্টা বিদ্যুৎ থাকলেও পরবর্তী তিন থেকে চার ঘণ্টা বিদ্যুৎ থাকে না। অনেক সময় সকাল থেকে বিকেল পর্যন্তও বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকে।
এ বিষয়ে সখীপুর বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী আল আমিন জানান, উপজেলায় দৈনিক বিদ্যুতের চাহিদা প্রায় ৩০ মেগাওয়াট হলেও টাঙ্গাইল ও ভালুকা থেকে মিলিয়ে সর্বোচ্চ ১৩-১৫ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যাচ্ছে। চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় বাধ্য হয়ে ঘন ঘন লোডশেডিং করতে হচ্ছে।











