মো: জিসান রহমান
,
মাভাবিপ্রবি প্রতিনিধি :
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) হিসাববিজ্ঞান বিভাগের উদ্যোগে ‘Professional CMA Qualification: An Exciting Success Route’ শীর্ষক সেমিনার ও সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-৩-এর সম্মেলনকক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে দেশের শীর্ষস্থানীয় কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং পেশাগত সংস্থা ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (ICMAB)-এর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম শহীদুল ইসলাম বলেন, জাতীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারে কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়ের গুরুত্ব ক্রমেই বাড়ছে। আধুনিক শিল্পপ্রতিষ্ঠানে ব্যয় নিয়ন্ত্রণ, আর্থিক পরিকল্পনা ও সঠিক সিদ্ধান্ত গ্রহণে সিএমএ পেশাজীবীদের ভূমিকা অপরিসীম। তিনি জানান, আইসিএমএবির ২১টি কোর্সের মধ্যে মাভাবিপ্রবির হিসাববিজ্ঞান বিভাগের পাঠ্যক্রমের সঙ্গে ৬টি কোর্সের সরাসরি মিল রয়েছে। ফলে শিক্ষার্থীরা নির্দিষ্ট প্রক্রিয়ায় এ কোর্সগুলোতে কোর্স ওয়েভার বা ছাড় পাওয়ার সুযোগ পাবেন, যা তাঁদের পেশাগত CMA ডিগ্রি অর্জনকে দ্রুত ও সহজ করবে।
বিশেষ অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মো. আনিসুর রহমান বলেন, কেবল একাডেমিক জ্ঞানের মধ্যে সীমাবদ্ধ না থেকে শিক্ষার্থীদের বাস্তবমুখী দক্ষতা অর্জন করতে হবে। আইসিএমএবির পেশাগত শিক্ষা শিক্ষার্থীদের ব্যয় বিশ্লেষণ, বাজেট ব্যবস্থাপনা ও কৌশলগত আর্থিক সিদ্ধান্ত গ্রহণে আন্তর্জাতিক মানে গড়ে তোলে।
সম্মানিত অতিথি আইসিএমএবির সহসভাপতি এস. এম. জহির উদ্দিন হায়দার (এফসিএমএ) দেশে ও বিদেশে সিএমএ পেশার ব্যাপক চাহিদা ও সম্ভাবনার কথা তুলে ধরেন। বিশেষ করে আমেরিকা, কানাডা, ভারত, জাপান ও জার্মানির মতো বিশ্বঅর্থনীতির শীর্ষ দেশগুলোতে কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টদের উচ্চ চাহিদা ও মর্যাদাপূর্ণ ক্যারিয়ারের বিষয় উপস্থাপন করে তিনি শিক্ষার্থীদের সময়ের পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে দক্ষ পেশাজীবী হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান। পরবর্তীতে রিসোর্স পারসন হিসেবে আইসিএমএবির একাডেমিক অ্যাফেয়ার্স বিভাগের পরিচালক অধ্যাপক ড. মো. মামুনুর রশীদ (এফসিএমএ) সিএমএ অর্জনের ধাপ, বিশেষ ছাড় ও কর্মক্ষেত্রে এর ব্যবহারিক প্রয়োগ নিয়ে আলোচনা করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হিসাববিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. নাজমুল ইসলাম এবং সঞ্চালনা করেন সহযোগী অধ্যাপক তন্ময় বিশ্বাস। সভাপতির বক্তব্যে ড. নাজমুল ইসলাম আশা প্রকাশ করেন, এই যৌথ সহযোগিতা একাডেমিয়া ও ইন্ডাস্ট্রিকে এক সুতোয় গাঁথবে এবং মাভাবিপ্রবির শিক্ষার্থীদের বিশ্বমঞ্চে সফল ক্যারিয়ার গঠনে বড় ভূমিকা রাখবে।











