খবরবাংলা ডেস্ক :
টানা বর্ষণের মধ্যে বান্দরবানের লামা উপজেলায় পাহাড় ধসে একটি বসতবাড়ি চাপা পড়ে অন্তত পাঁচজন নিহত হয়েছেন।বুধবার (৯ জুলাই) ভোরে উপজেলার খইয়ার বিল এলাকার মিশনপাড়ায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রবল বৃষ্টির কারণে পাহাড় ধসে বসতবাড়িটি মাটিচাপা পড়ে। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা উদ্ধারকাজ শুরু করে ঘটনাস্থল থেকে তিনজনের মরদেহ উদ্ধার করেন।
পরে খবর পেয়ে লোহাগাড়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালিয়ে আরও দুইজনের মরদেহ উদ্ধার করে। এতে মৃতের সংখ্যা বেড়ে পাঁচজনে দাঁড়ায়।
তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। ফায়ার সার্ভিস ও স্থানীয় প্রশাসন ঘটনাস্থলে উদ্ধার কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
তথ্য সূত্র : যমুনা টিভি











