দেলদুয়ার সংবাদ দাতা
টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায় অবৈধ চায়না দুয়ারি জাল বিক্রি ও মজুদের বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। এ সময় উপজেলার চারটি গোডাউন থেকে বিক্রির উদ্দেশ্যে মজুদ রাখা ৩০৩টি চায়না দুয়ারি জাল জব্দ করা হয়।
বুধবার (২৯ জুলাই) বিকেলে উপজেলার ডুবাইল ইউনিয়নের নাটিয়াপাড়া বাজারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জোহরা সুলতানা যূথীর নির্দেশনায় এ অভিযান পরিচালনা করেন দেলদুয়ারের সহকারী কমিশনার (ভূমি) মো. মোহাইমিনুল ইসলাম।
অভিযান চলাকালে জব্দ করা জালের কোনো মালিক উপস্থিত হয়ে দাবি না করায় আইনানুগ প্রক্রিয়ায় সেগুলো ধ্বংস করা হয়।
উপজেলা প্রশাসন জানায়, ধ্বংস করা জালের মোট দৈর্ঘ্য প্রায় ৯ হাজার ৯৯৯ মিটার এবং এর আনুমানিক বাজারমূল্য ১০ লাখ ৬০ হাজার টাকা।
অভিযানে দেলদুয়ার উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. তারিকুল ইসলাম, দেলদুয়ার থানার উপপরিদর্শক (এসআই) মো. রাসেল আহমেদ কাকুলসহ উপজেলা ভূমি অফিস, মৎস্য অফিস ও পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশীয় মাছের প্রজনন ও জলজ জীববৈচিত্র্য রক্ষায় নিষিদ্ধ জালের ব্যবহার, মজুদ ও বিক্রির বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।











