কালিহাতী সংবাদ দাতা
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার কোকডহরা ইউনিয়নের সাভার কবরস্থান সংলগ্ন খালের ওপর নির্মাণাধীন একটি সেতুর কাজ মাঝপথে বন্ধ হয়ে পড়ায় চরম দুর্ভোগে পড়েছেন কয়েক হাজার মানুষ। এলাকাবাসীর অভিযোগ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) ও ঠিকাদারের অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে দীর্ঘদিন ধরে সেতুর নির্মাণকাজ বন্ধ রয়েছে।
কালিহাতী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয় সূত্রে জানা গেছে, ২০১৯-২০ অর্থবছরে প্রথম দফায় সেতুর নির্মাণকাজ শুরু হলেও তৎকালীন ঠিকাদার কাজ অসমাপ্ত রেখে চলে যাওয়ায় প্রকল্পটি বন্ধ হয়ে যায়। পরে ২০২৩-২৪ অর্থবছরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় নতুন করে ৩৯ লাখ টাকা বরাদ্দ দেয়। ১৫ মিটার দীর্ঘ সেতুটির কাজ পায় ‘বুলবুল এন্টারপ্রাইজ’ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। আগামী ৩১ মে’র মধ্যে কাজ শেষ হওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত প্রায় ৫০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে।
সরেজমিনে দেখা গেছে, সেতুর কাজ বন্ধ থাকায় স্থানীয়রা যাতায়াতের জন্য নিজ উদ্যোগে বাঁশের সাঁকো নির্মাণ করেছেন। প্রতিদিন স্কুল-কলেজের শিক্ষার্থী, চাকরিজীবী ও সাধারণ মানুষ জীবনের ঝুঁকি নিয়ে ওই সাঁকো ব্যবহার করছেন। বর্ষা মৌসুমে নৌকা ছাড়া চলাচলের আর কোনো উপায় থাকে না।
কোকডহরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইয়াকুব আলী বলেন, দীর্ঘদিন ধরে এলাকাবাসীর স্বপ্নের এই সেতু বারবার শুরু হলেও শেষ হচ্ছে না। খালের ওপারে অধিকাংশ কৃষিজমি ও একটি কবরস্থান থাকায় বর্ষাকালে মানুষকে চরম ভোগান্তিতে পড়তে হয়।
স্থানীয় ইউপি সদস্য আব্দুল বাছতে দ্রুত সেতুর নির্মাণকাজ শেষ করার দাবি জানিয়ে বলেন, কারও অভ্যন্তরীণ দ্বন্দ্বে সাধারণ মানুষকে কষ্ট পেতে হচ্ছে।
এ বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান ‘বুলবুল এন্টারপ্রাইজ’-এর স্বত্বাধিকারী আরিফুল ইসলাম জানান, আগামী সপ্তাহ থেকে পুনরায় কাজ শুরু করা হবে।
অন্যদিকে, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশরাফুজ্জামান কাজ বন্ধ থাকার বিষয়টি স্বীকার করে বলেন, কিছু জটিলতা রয়েছে। তবে দ্রুত কাজ শেষ করতে ঠিকাদারকে একাধিকবার তাগিদ দেওয়া হয়েছে।











