খবরবাংলা ডেস্ক :
ফরিদপুরের সদরপুর উপজেলায় শাশুড়িকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় সহযোগিতার অভিযোগে অভিযুক্তের স্ত্রীকেও আটক করা হয়েছে।
শুক্রবার (২৬ জুন) দিবাগত রাত আনুমানিক ১২টা ২০ মিনিটে উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, ৪২ বছর বয়সী ওই নারী নিজ বাড়িতে একা ছিলেন। এ সময় তার মেয়ে-জামাই বিপ্লব মাতুব্বর (২৫) ঘরের দরজা বন্ধ করে জোরপূর্বক তাকে ধর্ষণ করেন বলে অভিযোগ ওঠে।
ঘটনার পর ভুক্তভোগী জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে সহায়তা চান। খবর পেয়ে সদরপুর থানার জরুরি ডিউটি অফিসার এসআই (নিঃ) মো. আশরাফুল সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করেন। পরে অভিযুক্ত এবং তার স্ত্রীকে গ্রেপ্তার করা হয়।
সদরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন শাহ্ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। ভুক্তভোগীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হওয়ার পর মামলার পরবর্তী কার্যক্রম এগিয়ে নেওয়া হবে। পুলিশ জানিয়েছে, ঘটনার বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে।
তথ্য সূত্র : কালের কণ্ঠ











