খবর বাংলা ডেস্ক :
দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। সোমবার (১৫ জুন) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) নতুন মূল্য ঘোষণা করেছে।
বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৫ হাজার ৪৮২ টাকা বাড়িয়ে ২ লাখ ৩০ হাজার ৪২২ টাকা নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে রুপার দামও বৃদ্ধি করা হয়েছে। প্রতি ভরি রুপার দাম ২৩৩ টাকা বাড়িয়ে ৫ হাজার ৩৬৫ টাকা করা হয়েছে। নতুন এ দর সোমবার সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।
এর আগে গত ১৩ জুন সোনার দাম ভরিতে ৬ হাজার ৫৯০ টাকা বাড়ানো হয়েছিল। তখন ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয় ২ লাখ ২৪ হাজার ৯৪০ টাকা। একই সময়ে রুপার দাম ভরিতে ২৯১ টাকা বাড়িয়ে ৫ হাজার ১৩২ টাকা করা হয়েছিল।
নতুন মূল্য অনুযায়ী, দেশে ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৫ গ্রাম) সোনার দাম ২ লাখ ৩০ হাজার ৪২২ টাকা, ২১ ক্যারেটের সোনার দাম ২ লাখ ১৯ হাজার ৯৮৩ টাকা, ১৮ ক্যারেটের সোনার দাম ১ লাখ ৮৮ হাজার ৫৪৯ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ১ লাখ ৫৩ হাজার ৫৫৭ টাকা নির্ধারণ করা হয়েছে।
অন্যদিকে, ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৫ হাজার ৩৬৫ টাকা, ২১ ক্যারেটের রুপা ৫ হাজার ১৩২ টাকা, ১৮ ক্যারেটের রুপা ৪ হাজার ৪৩২ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ৩ হাজার ৩২৪ টাকা নির্ধারণ করা হয়েছে।
বাজুসের তথ্য অনুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত ৭৫ বার সোনার দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৩৯ বার দাম বাড়ানো হয়েছে এবং ৩৬ বার কমানো হয়েছে। ২০২৫ সালে মোট ৯৩ বার দাম সমন্বয় করা হয়েছিল, যার মধ্যে ৬৪ বার দাম বৃদ্ধি এবং ২৯ বার হ্রাস করা হয়।
তথ্য সূত্র : কালের কণ্ঠ











