খবর বাংলা ডেস্ক :
২০২৬ ফিফা বিশ্বকাপে ম্যাচ পরিচালনার দায়িত্ব নিয়ে যুক্তরাষ্ট্রে গেলেও দেশটিতে প্রবেশের অনুমতি পাননি সোমালিয়ার আন্তর্জাতিক রেফারি ওমর আরতান। তবে টুর্নামেন্টে কোনো ম্যাচ পরিচালনা করতে না পারলেও তাকে নির্ধারিত পূর্ণ পারিশ্রমিক দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ফিফা।
৩৪ বছর বয়সী ওমর আরতান জানিয়েছেন, গত সোমবার মায়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর মার্কিন অভিবাসন কর্তৃপক্ষ তাকে প্রায় ১১ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করে। পরে তার কূটনৈতিক পাসপোর্ট ও একবার প্রবেশের ভিসা গ্রহণ না করে যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি প্রত্যাখ্যান করা হয়।
একজন মার্কিন কর্মকর্তা দাবি করেন, সন্দেহভাজন সন্ত্রাসী গোষ্ঠীর সদস্যদের সঙ্গে যোগাযোগ থাকার অভিযোগে তাকে দেশে ঢুকতে দেওয়া হয়নি। তবে এ অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন আরতান।
তিনি জানান, জিজ্ঞাসাবাদের সময় তাকে সোমালিয়ার সশস্ত্র গোষ্ঠী আল-শাবাবের সঙ্গে কোনো সম্পর্ক রয়েছে কি না, সে বিষয়ে প্রশ্ন করা হয়েছিল। কিন্তু তিনি ওই সংগঠনের সঙ্গে কোনো ধরনের সম্পৃক্ততা নেই বলে জানান।
যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানোর পর তুরস্কের ইস্তাম্বুলে ফিফার কর্মকর্তারা তাকে সহায়তা করেন। পরে তিনি সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে ফিরে যান।
ফিফা জানিয়েছে, বিশ্বকাপে দায়িত্ব পালন করতে না পারলেও আরতানকে তার নির্ধারিত পূর্ণ টুর্নামেন্ট ফি দেওয়া হবে। সাধারণত বিশ্বকাপ শেষে রেফারিদের পারিশ্রমিক পরিশোধ করা হয় এবং তারা আগাম সেই অঙ্ক সম্পর্কে অবগত থাকেন না।
এদিকে আগামী ১২ আগস্ট অস্ট্রিয়ার সালজবুর্গে অনুষ্ঠিতব্য উয়েফা সুপার কাপ ম্যাচ পরিচালনার জন্য আমন্ত্রণ পেয়েছেন আরতান। ওই ম্যাচে মুখোমুখি হওয়ার কথা রয়েছে পিএসজি ও অ্যাস্টন ভিলার।
নিজ দেশে ফিরে উষ্ণ অভ্যর্থনা পাওয়া এই রেফারি জানিয়েছেন, তিনি এ ঘটনায় হতাশ নন। বরং ২০৩০ বিশ্বকাপে রেফারিং করার লক্ষ্য নিয়েই এগিয়ে যেতে চান।
২০২৫ সালে আফ্রিকান ফুটবল কনফেডারেশন (ক্যাফ) তাকে বর্ষসেরা পুরুষ রেফারির স্বীকৃতি দেয়। একই বছর প্রথম সোমালিয়ান হিসেবে কোনো মহাদেশীয় ফাইনাল পরিচালনার কৃতিত্বও অর্জন করেন তিনি। এছাড়া চিলিতে অনুষ্ঠিত অনূর্ধ্ব-২০ বিশ্বকাপেও তিনটি ম্যাচ পরিচালনা করেছিলেন।
তথ্য সূত্র : কালের কণ্ঠ











