ভূঞাপুর সংবাদ দাতা
টাঙ্গাইলের ভূঞাপুরে পিকআপভর্তি মেয়াদোত্তীর্ণ সরকারি ওষুধ যমুনা নদীতে ফেলার অভিযোগে এক পিকআপচালককে আটক করেছে পুলিশ। বুধবার (২৬ আগস্ট) মধ্যরাতে উপজেলার গোবিন্দাসী টি রোড এলাকার স্থানীয়রা তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।
স্থানীয়দের বরাতে জানা যায়, গভীর রাতে একটি মালবোঝাই পিকআপ গোবিন্দাসীর কালা সড়ক ধরে যমুনা নদীর দিকে যাচ্ছিল। গাড়িটির গতিবিধি সন্দেহজনক মনে হলে স্থানীয়রা সেটিকে আটকানোর চেষ্টা করেন। এ সময় পিকআপে থাকা অন্যরা পালিয়ে গেলেও চালককে আটক করতে সক্ষম হন তারা।
আটক চালক আজমত স্থানীয়দের জানান, পিকআপে থাকা মেয়াদোত্তীর্ণ সরকারি ওষুধ ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে আনা হয়েছে। এসব ওষুধ যমুনা নদীতে ফেলে দেওয়ার জন্য হাসপাতাল কর্তৃপক্ষ তাকে ভাড়া করেছে বলে দাবি করেন তিনি।
চালকের আরও দাবি, এর আগেও একইভাবে সরকারি ওষুধ যমুনা নদীসহ বিভিন্ন স্থানে ফেলে দেওয়া হয়েছে। তবে এসব অভিযোগের সত্যতা এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়নি।
পরে স্থানীয়রা বিষয়টি উপজেলা প্রশাসনকে জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পিকআপ ও চালককে থানায় নিয়ে যায়। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা।
ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম রেজাউল করিম বলেন, স্থানীয়রা মেয়াদোত্তীর্ণ ওষুধ ও পিকআপটি আটক করে পুলিশকে খবর দেন। পরে পুলিশ সেগুলো থানায় নিয়ে আসে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।










