খবর বাংলা ডেস্ক :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতা ফিরে পেতে করা লিভ টু আপিলের ওপর শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে আদেশের জন্য রবিবার (১ ফেব্রুয়ারি) দিন নির্ধারণ করেছেন আপিল বিভাগ।
প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) আদেশের তারিখ নির্ধারণ করেন। রবিবারের কার্যতালিকায় আবেদনটি ১০৩ নম্বর ক্রমিকে অন্তর্ভুক্ত রয়েছে।
এর আগে ঋণখেলাপির অভিযোগ এনে কুমিল্লা-৪ আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী হাসনাত আবদুল্লাহ নির্বাচন কমিশনে মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র বাতিলের আবেদন করেন। ওই অভিযোগের ভিত্তিতে গত ১৭ জানুয়ারি বিকেলে নির্বাচন কমিশন ঋণখেলাপির কারণ দেখিয়ে বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করে।
পরে নিজের প্রার্থিতা ফিরে পেতে এবং নির্বাচন কমিশনের ওই সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে তিনি হাইকোর্টে রিট আবেদন করেন। হাইকোর্টের আদেশের পর বিষয়টি আপিল বিভাগে গড়ায় এবং এখন চূড়ান্ত আদেশের অপেক্ষায় রয়েছে মামলাটি।











