খবর বাংলা ডেস্ক :
রাজশাহীতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে জরুরি উন্নয়নকাজের অংশ হিসেবে আগামীকাল রবিবার (১০ মে) থেকে টানা ১৩ দিন বিভিন্ন এলাকায় প্রতিদিন ৬ ঘণ্টা করে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো) রাজশাহীর নির্বাহী প্রকৌশলীর দপ্তর থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ৩৩ কেভি ও ১১ কেভি লাইনের আশপাশে থাকা গাছের শাখা-প্রশাখা কাটার কাজের জন্য প্রতিদিন সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত নির্ধারিত এলাকাগুলোতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
এ কাজ মূলত আসন্ন ঈদুল আজহার সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার উদ্দেশ্যে করা হচ্ছে বলে জানানো হয়েছে।
নেসকো জানিয়েছে, ১০ মে থেকে ২৪ মে পর্যন্ত বিভিন্ন দিনে রাজশাহীর একাধিক ফিডারের আওতাধীন এলাকায় এই বিদ্যুৎ বন্ধ কার্যক্রম চলবে। এর মধ্যে রয়েছে দেওয়ানপাড়া, কাটাখালি, সুগারমিল, মেহেরচন্ডি, বনগ্রাম, কাপাশিয়া, রাবি স্টেশনসহ বিভিন্ন এলাকা।
প্রতিটি এলাকায় আলাদা আলাদাভাবে নির্দিষ্ট দিনে ৬ ঘণ্টা করে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে এবং পর্যায়ক্রমে কাজ সম্পন্ন করা হবে।
নেসকো আরও জানিয়েছে, সাময়িক এই অসুবিধার জন্য তারা গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে এবং উন্নয়ন কাজ শেষে বিদ্যুৎ সরবরাহ আরও স্থিতিশীল হবে বলে আশা প্রকাশ করেছে।
তথ্য সূত্র : কালের কণ্ঠ











