টাঙ্গাইল সদর সংবাদ দাতা
টাঙ্গাইলে কমিউনিটি পর্যায়ে জেন্ডার এ্যাকশন লার্নিং সিস্টেম (GALS) বিষয়ক একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ মে) সকালে টাঙ্গাইল পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কাগমারা এলাকায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আলোচনা সভায় বন্ধু আসরের সদস্য, স্থানীয় কমিউনিটির নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে স্থানীয় সম্পৃক্ততায় নারীর কর্ম প্রসার প্রকল্পের পরিচালক রওশন আরা, জিআইজেডের প্রতিনিধি এবং তিনজন GALS বিশেষজ্ঞ উপস্থিত ছিলেন।
কর্মশালায় অংশগ্রহণকারীরা ‘স্বপ্ন চিত্র’ পদ্ধতির মাধ্যমে নিজেদের জীবনের লক্ষ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। পাশাপাশি স্বপ্ন বাস্তবায়নে ব্যক্তিগত উদ্যোগ, স্থানীয় পর্যায়ে সরকারি-বেসরকারি সুযোগ-সুবিধা চিহ্নিতকরণ এবং দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়।
আয়োজকরা জানান, GALS পদ্ধতির মাধ্যমে নারী ও প্রান্তিক জনগোষ্ঠীকে আত্মনির্ভরশীল করে তোলা এবং স্থানীয় সম্পৃক্ততা বৃদ্ধির মাধ্যমে সামাজিক ও অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর বিষয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে।











