খবরবাংলা ডেস্ক :
সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। শনিবার (১০ অক্টোবর) বিমানবন্দরটিতে হামলায় দুই বাংলাদেশিসহ অন্তত ১২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ৩০৯ জন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ।
রোববার (১১ অক্টোবর) বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ হামলার তীব্র ও দ্ব্যর্থহীন নিন্দা জানানো হয়। একই সঙ্গে নিহত ব্যক্তিদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছে বাংলাদেশ।
বিবৃতিতে জানানো হয়, নিহত ও আহত বাংলাদেশিদের বিস্তারিত তথ্য সংগ্রহ এবং ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে রিয়াদে বাংলাদেশ মিশন সৌদি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে।
বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়, বেসামরিক মানুষের জীবন বিপন্ন করা এবং বেসামরিক অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের হামলা অবিলম্বে বন্ধ করতে হবে।
এ ঘটনায় সৌদি আরবের সরকার ও জনগণের প্রতি বাংলাদেশের দৃঢ় সংহতিও পুনর্ব্যক্ত করা হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, আঞ্চলিক শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে শত্রুতামূলক কর্মকাণ্ড বন্ধ করা জরুরি। একই সঙ্গে বেসামরিক নাগরিক ও অবকাঠামোর সুরক্ষা নিশ্চিত করতে হবে এবং চলমান সংকটের শান্তিপূর্ণ সমাধানে সংলাপ ও কূটনৈতিক উদ্যোগ গ্রহণ করতে হবে।
সৌদি কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, শনিবারের হামলায় নিহত ১২ জনের মধ্যে চারজন সৌদি নাগরিক এবং আটজন বিদেশি নাগরিক রয়েছেন। বিদেশি নিহতদের মধ্যে দুই বাংলাদেশি ছাড়াও যুক্তরাষ্ট্র, মিসর, জর্ডান, সিরিয়া, ফিলিস্তিন ও সুদানের একজন করে নাগরিক রয়েছেন।
তথ্য সূত্র : যমুনা টিভি











