সখিপুর সংবাদ দাতা
টাঙ্গাইলের সখীপুর উপজেলায় ভাষা শহীদদের স্মরণে শনিবার (২১ ফেব্রুয়ারি) দিনব্যাপী ফ্রি মেডিকেল ও চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। হাতিবান্ধা গ্রামের তালিমঘরে আয়োজিত এই ক্যাম্পের আয়োজন করে কিডনি এওয়ারনেস মনিটরিং এন্ড প্রিভেনশন সোসাইটি (ক্যাম্পস)। উদ্বোধন করেন সংস্থার সভাপতি ও কিডনি রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডাঃ এম এ সামাদ।
ক্যাম্পে সখীপুরসহ আশপাশের উপজেলার প্রায় সাড়ে তিন হাজার রোগী বিনামূল্যে চিকিৎসা সেবা লাভ করেন। এছাড়াও রোগীদের বিনামূল্যে ওষুধ প্রদান করা হয়। প্রাথমিকভাবে প্রায় ৩০০ রোগীকে চোখের ছানি অপারেশন ও লেন্স প্রতিস্থাপনের জন্য বাছাই করা হয়।
দিনব্যাপী আয়োজনের মধ্যে ছিল “স্বাস্থ্য সুরক্ষায় সুস্থ জীবনধারা” শীর্ষক মুক্ত আলোচনা অনুষ্ঠান। এতে অধ্যাপক ডাঃ এম এ সামাদ বলেন, “কিডনি রোগের প্রকোপ দিন দিন বেড়েই চলেছে। বাংলাদেশে প্রায় ৩ কোটি ৮০ লক্ষ মানুষ বিভিন্নভাবে কিডনি রোগে আক্রান্ত। প্রতি ঘন্টায় পাঁচজন কিডনি রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করছে। রোগীদের ৭৫ ভাগ কিডনি নষ্ট হওয়ার আগেই বুঝতে পারেন না যে তারা কিডনি রোগে আক্রান্ত।”
আলোচনা সভায় উপস্থিত ছিলেন সাবেক অতিরিক্ত সচিব খোন্দকার মোস্তান হোসেন, কুমুদিনী মেডিকেল কলেজের প্রিন্সিপাল অধ্যাপক আব্দুল হালিম, ক্যাম্পসের নির্বাহী পরিচালক রেজওয়ান সালেহীন, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপ সচিব মোহাম্মদ আওলাদ হোসেন, অর্থ মন্ত্রণালয়ের উপ সচিব মুহাম্মদ আমিন শরীফ, পরিবহন অডিট অধিদপ্তরের পরিচালক আমিনুল এহসান কবির, ক্যাম্পসের সহ-সভাপতি নাসরিন বেগমসহ অন্যান্য বরেণ্য ব্যক্তিবর্গ। এছাড়া ক্যাম্পসের প্রকাশনা ‘প্রয়াস ২২’-এর মোড়ক উন্মোচন করা হয়।
প্রায় দুই যুগ ধরে হাতিবান্ধা গ্রামে ক্যাম্পস ভাষা শহীদদের স্মরণে দুস্থ ও দরিদ্র রোগীদের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করে আসছে। এ আয়োজনে স্থানীয়রা বিভিন্ন পসরা সাজিয়ে মেলার আয়োজনও করে থাকেন।











