খবরবাংলা ডেস্ক :
বাংলাদেশের সীমান্ত এলাকায় গত ১৬ মাসে জব্দ করা ৭৩ কোটি ৭৫ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ মাদক ধ্বংস করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার (২৮ জুন) বেলা ১১টায় সাতক্ষীরার ৩৩ বিজিবি সদর দপ্তরে আনুষ্ঠানিকভাবে এসব মাদক ধ্বংস করা হয়।
বিজিবি জানিয়েছে, ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ২০২৬ সালের ৩০ এপ্রিল পর্যন্ত সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় পরিচালিত অভিযানে এসব মাদক জব্দ করা হয়।
ধ্বংস করা মাদকের মধ্যে ছিল লিকুইড এলএসডি, এলএসডি, ক্রিস্টাল মেথ (আইস), আফিম তৈরির কেমিক্যাল, ফেন্সিডিল, বিভিন্ন ধরনের বিদেশি মদ এবং গাঁজা।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়, একটি অসাধু চক্র বাংলাদেশকে মাদকের ট্রানজিট রুট হিসেবে ব্যবহার করার চেষ্টা করছে। তবে সীমান্ত ব্যবহার করে মাদক চোরাচালানের যেকোনো অপচেষ্টা কঠোরভাবে দমন করা হবে বলে স্পষ্ট বার্তা দিয়েছে বাহিনী। অনুষ্ঠানে বিজিবির দক্ষিণ-পশ্চিম রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদুল হাসান বলেন, সীমান্তে অবৈধ অনুপ্রবেশ (পুশ-ইন) প্রতিরোধের পাশাপাশি মাদক চোরাচালান রোধে বিজিবির অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে।
তিনি বলেন, “আজকের এই মাদক ধ্বংস কার্যক্রম শুধু আইনগত প্রক্রিয়ার অংশ নয়, বরং একটি মাদকমুক্ত বাংলাদেশ গড়ার জাতীয় অঙ্গীকারের বাস্তব প্রতিফলন। সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মাদক নির্মূলে বিজিবি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছে।”
তথ্য সূত্র : যমুনা টিভি











