খবরবাংলা ডেস্ক :
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের দেড়াগাঁতী মধ্যপাড়া এলাকায় এক নারীর বাড়ি থেকে স্থানীয় একটি মসজিদের ইমামকে আটক করেছেন এলাকাবাসী।
শনিবার (২৭ জুন) দিবাগত রাত প্রায় ১২টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, দেড়াগাঁতী মধ্যপাড়া জামে মসজিদের ইমাম মো. সেলিমকে মৃত আল আমিনের স্ত্রী মোছা. শানু বেগমের বাড়িতে দেখতে পান স্থানীয় কয়েকজন। পরে বিষয়টি ছড়িয়ে পড়লে এলাকাবাসী সেখানে জড়ো হয়ে তাকে আটক করেন।
এলাকাবাসীর দাবি, প্রায় এক দশক ধরে মো. সেলিম ওই মসজিদে ইমাম হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। ঘটনাটি জানাজানি হওয়ার পর এলাকায় বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া দেখা দেয়।
এ বিষয়ে মো. সেলিম বলেন, গত প্রায় দেড় মাস ধরে তাদের মধ্যে মোবাইল ফোনে যোগাযোগ ছিল। সেই সূত্রেই তিনি রাতে ওই নারীর বাড়িতে যান। পরে স্থানীয় লোকজন এসে তাকে আটক করেন।
অন্যদিকে শানু বেগম বলেন, তাদের মধ্যে পারস্পরিক সম্পর্ক রয়েছে এবং তিনি ইমামকে বিয়ে করতে চান।
রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসানুজ্জামান জানান, ঘটনাটি সম্পর্কে পুলিশ অবগত রয়েছে। তবে এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
তথ্য সূত্র : কালের কণ্ঠ











