খবর বাংলা ডেস্ক :
বিশ্বকাপ শুরু হওয়ার আগেই ফুটবল দুনিয়ায় জমে উঠেছে গ্রুপ পর্বের হিসাব-নিকাশ। অংশগ্রহণকারী সব দল চূড়ান্ত হওয়ার পর বিভিন্ন বেটিং প্রতিষ্ঠানের সম্ভাব্যতা বিশ্লেষণে উঠে এসেছে কোন দলগুলো নিজেদের গ্রুপে ফেবারিট হিসেবে এগিয়ে রয়েছে। ইউরোপ ও দক্ষিণ আমেরিকার কয়েকটি শক্তিশালী দলকে বেশিরভাগ গ্রুপে এগিয়ে রাখা হয়েছে।
‘এ’ গ্রুপে স্বাগতিক মেক্সিকোকে সবচেয়ে শক্তিশালী দল হিসেবে বিবেচনা করা হচ্ছে। তবে চেক প্রজাতন্ত্র ও দক্ষিণ কোরিয়া তাদের জন্য কঠিন প্রতিদ্বন্দ্বী হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
‘সি’ গ্রুপে স্পষ্ট ফেবারিট হিসেবে রয়েছে ব্রাজিল। যদিও মরক্কোকে সম্ভাব্য চ্যালেঞ্জার হিসেবে দেখা হচ্ছে। সাম্প্রতিক পারফরম্যান্স বিবেচনায় আফ্রিকার দলটি চমক দেখাতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।
অন্যদিকে ‘এইচ’ গ্রুপে স্পেনকে এগিয়ে রাখা হলেও উরুগুয়ের উপস্থিতি গ্রুপের লড়াইকে আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করে তুলতে পারে।
‘আই’ গ্রুপে ফেবারিট ফ্রান্স। তবে নরওয়েকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই বলেই মত ফুটবল বিশ্লেষকদের। একইভাবে ‘জে’ গ্রুপে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে সবচেয়ে বেশি সম্ভাবনাময় দল হিসেবে দেখা হচ্ছে।
এছাড়া ‘এল’ গ্রুপে ইংল্যান্ডকে গ্রুপ সেরা হওয়ার দৌড়ে এগিয়ে রাখা হয়েছে। তবে ক্রোয়েশিয়া ও ঘানাও বড় ধরনের চমক দেখাতে পারে বলে ধারণা করা হচ্ছে।
বিশ্বকাপের গ্রুপ পর্ব শুরু হওয়ার আগেই এসব সম্ভাব্যতা ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তি উত্তেজনা তৈরি করেছে। এখন দেখার বিষয়, ফেবারিট দলগুলো প্রত্যাশা পূরণ করতে পারে কি না, নাকি অপেক্ষা করছে নতুন কোনো অঘটন।
তথ্য সূত্র : কালের কণ্ঠ











