খবরবাংলা ডেস্ক :
২০৩০ সালের মধ্যে সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষা (ইউনিভার্সাল হেলথ কভারেজ) অর্জনে বাংলাদেশ দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। ভৌগোলিক অবস্থান ও সামাজিক মর্যাদা নির্বিশেষে দেশের প্রতিটি নাগরিকের জন্য প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার কাজ করছে বলেও জানান তিনি।
বুধবার (১১ নভেম্বর) শ্রীলঙ্কার রাজধানী কলম্বোয় বিমসটেক স্বাস্থ্যমন্ত্রীদের প্রথম সম্মেলনে বক্তব্য প্রদানকালে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। সম্মেলনে বিমসটেকভুক্ত সদস্য দেশগুলোর স্বাস্থ্যমন্ত্রী, নীতিনির্ধারক ও স্বাস্থ্য বিশেষজ্ঞরা অংশ নেন।
বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী বলেন, মাতৃমৃত্যু ও নবজাতকের মৃত্যুহার কমানো, পোলিওমুক্ত অবস্থা বজায় রাখা এবং টিকাদান কর্মসূচি বাস্তবায়নসহ বিভিন্ন স্বাস্থ্য সূচকে বাংলাদেশ উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে।
তিনি জানান, নতুন সরকার দায়িত্ব গ্রহণের পর জরায়ুমুখ ক্যানসার প্রতিরোধী টিকার কভারেজ ২ শতাংশ থেকে বাড়িয়ে ৮৫ শতাংশের বেশি করা হয়েছে। চলতি নভেম্বরের মধ্যে এ কর্মসূচিতে শতভাগ কভারেজ অর্জনের লক্ষ্যে কাজ চলছে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার স্বাস্থ্য খাতের বাজেট দ্বিগুণ করে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ১ দশমিক ০১ শতাংশে উন্নীত করেছে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। পর্যায়ক্রমে স্বাস্থ্য খাতে বরাদ্দ জিডিপির ৫ শতাংশে উন্নীত করার পরিকল্পনা রয়েছে বলে উল্লেখ করেন তিনি।
স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা জোরদার, প্রাথমিক স্বাস্থ্যসেবার পরিধি বাড়ানো এবং জনসচেতনতা বৃদ্ধিকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
তিনি জানান, দেশের ৪ হাজার ৬০০-এর বেশি ইউনিয়নে বহুমুখী স্বাস্থ্যকর্মীদের সমন্বয়ে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি এ বছর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে ৫০ শয্যা থেকে ১৫১ শয্যায় উন্নীত করার কার্যক্রম চলছে।
এ ছাড়া বড় সরকারি স্বাস্থ্যকেন্দ্রগুলোতে সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালু, ১৫টি বড় হাসপাতালে উন্নত মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা এবং ওয়ান হেলথ পদ্ধতি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।
স্বাস্থ্যসেবার ডিজিটাল রূপান্তরের বিষয়েও সম্মেলনে সরকারের পরিকল্পনা তুলে ধরেন মন্ত্রী। এ লক্ষ্যে সমন্বিত ইলেকট্রনিক হেলথ রেকর্ড ব্যবস্থা এবং নাগরিকদের জন্য ইউনিক ই-হেলথ আইডি চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান তিনি।
আঞ্চলিক স্বাস্থ্য নিরাপত্তা জোরদারের ওপর গুরুত্ব দিয়ে স্বাস্থ্যমন্ত্রী বিমসটেকের আওতায় একটি আঞ্চলিক জেনেটিক রোগ পর্যবেক্ষণ ও প্রাথমিক সতর্কতা ব্যবস্থা প্রতিষ্ঠার প্রস্তাব দেন। তাঁর মতে, এ ধরনের উদ্যোগ সদস্য দেশগুলোর মধ্যে স্বাস্থ্যবিষয়ক সহযোগিতা বাড়াতে এবং সম্ভাব্য স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ভূমিকা রাখতে পারে।











