খবরবাংলা ডেস্ক :
যৌতুকের দাবিতে স্ত্রীকে রড ও ইট দিয়ে মারধর করে নাকের হাড় ভেঙে দেওয়ার মামলায় সাবেক পুলিশ কর্মকর্তা মো. রফিকুল ইসলামকে সাত বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
মঙ্গলবার (১০ নভেম্বর) সাতক্ষীরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ও জেলা ও দায়রা জজ মো. জাকারিয়া হোসেন এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।
বিষয়টি নিশ্চিত করেছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল, সাতক্ষীরার সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট শেখ আলমগীর আশরাফ।
মামলার এজাহার ও অভিযোগপত্র সূত্রে জানা যায়, ২০১০ সালের ২৫ মে ইসলামী শরিয়াহ অনুযায়ী তিন লাখ এক টাকা দেনমোহরে তানিয়া আরেফিনের সঙ্গে রফিকুল ইসলামের বিয়ে হয়। তানিয়া সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার পূর্ব নারায়ণপুর গ্রামের মৃত আব্দুল মজিদের মেয়ে। অন্যদিকে রফিকুল ঝিনাইদহ সদর উপজেলার হলিধানী প্রতাপপুর গ্রামের মৃত আফছার আলীর ছেলে।
মামলার অভিযোগে বলা হয়, বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে তানিয়ার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে আসছিলেন রফিকুল। এর ধারাবাহিকতায় ২০২০ সালের ২৫ ডিসেম্বর ভোররাতে ২০ লাখ টাকা যৌতুক দাবি করে তাকে মারধর করা হয়। একপর্যায়ে রড ও ইট দিয়ে আঘাত করলে তানিয়ার নাকের হাড় ভেঙে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এ ঘটনায় তানিয়া আরেফিন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে সাক্ষ্য-প্রমাণ ও যুক্তিতর্ক পর্যালোচনা করে আদালত রফিকুল ইসলামের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে দোষী সাব্যস্ত করেন।
রায়ে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ১১(খ) ধারায় পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একই আইনের ১১(গ) ধারায় আরও দুই বছরের সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন আদালত।
দুই ধারায় দেওয়া কারাদণ্ড একই সঙ্গে কার্যকর হবে। ফলে সব মিলিয়ে সাবেক পুলিশ কর্মকর্তা রফিকুল ইসলামকে সাত বছরের সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
তথ্য সূত্র : কালের কণ্ঠ











