খবরবাংলা ডেস্ক :
বাসে অগ্নিসংযোগ, ককটেল নিক্ষেপ ও নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের ধরিয়ে দিতে সাধারণ জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। এসব অপরাধে জড়িতদের ধরে পুলিশের হাতে তুলে দিতে পারলে প্রত্যেককে ২০ হাজার টাকা করে পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।
মঙ্গলবার (১০ নভেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে গণঅধিকার পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ‘৭ নভেম্বর: ইতিহাসের বাঁকবদল ও বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব’ শীর্ষক এ সভার আয়োজন করা হয়।
নুরুল হক নুর বলেন, যারা বাসে আগুন দিচ্ছে কিংবা ককটেল নিক্ষেপ করছে, তাদের ধরে পুলিশের হাতে তুলে দিতে হবে। একই সঙ্গে এসব কর্মকাণ্ডে কারা সহযোগিতা করছে, সে তথ্যও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর আহ্বান জানান তিনি।
তিনি বলেন, দেশের স্থিতিশীলতা ও নিরাপত্তা নিশ্চিত করতে জনগণের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। সাধারণ মানুষ এগিয়ে না এলে বাংলাদেশকে একটি স্থিতিশীল রাষ্ট্র হিসেবে গড়ে তোলা কঠিন হবে।
**৭ নভেম্বরের ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরে নুর** বলেন, সেদিন সিপাহি-জনতা ঐক্যবদ্ধ হয়ে তৎকালীন সেনাপ্রধান জিয়াউর রহমানকে বন্দিদশা থেকে মুক্ত করতে না পারলে দেশের ইতিহাস ভিন্ন দিকে মোড় নিতে পারত। এতে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব হুমকির মুখে পড়ার আশঙ্কা ছিল।
তিনি আরও বলেন, মুক্তিযোদ্ধা, দেশপ্রেমিক সামরিক কর্মকর্তা এবং রাজনৈতিকভাবে সচেতন জনগণের সম্মিলিত প্রচেষ্টায় আধিপত্যবাদী অপতৎপরতা প্রতিহত করা সম্ভব হয়েছিল। এ কারণে ৭ নভেম্বরকে জাতীয় ঐক্য ও সংহতির প্রতীক হিসেবে উল্লেখ করেন তিনি।
নুর বলেন, ৭ নভেম্বর নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের ভিন্ন ব্যাখ্যা থাকলেও দিনটির ঐতিহাসিক গুরুত্ব অস্বীকার করার সুযোগ নেই। ৩ নভেম্বরের জেলহত্যাকাণ্ডের জন্য জিয়াউর রহমানকে দায়ী করার রাজনৈতিক বক্তব্যও সঠিক নয় বলে মন্তব্য করেন তিনি। এ বিষয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যে ইতিহাস বিকৃতির অভিযোগও তোলেন গণঅধিকার পরিষদের সভাপতি।
আওয়ামী লীগের দেশে ফেরার ঘোষণা প্রসঙ্গে নুরুল হক নুর বলেন, ৫ আগস্টের পর দলটির কার্যকর রাজনৈতিক অস্তিত্ব নেই। গণমাধ্যমে আলোচনা, টকশো ও সংবাদ প্রকাশের মাধ্যমে দলটিকে অযথা আলোচনায় রাখা হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। আগামী আগস্ট বা ডিসেম্বরে দেশে ফেরার বক্তব্যকে তিনি হাস্যকর ও বিভ্রান্তিকর বলে উল্লেখ করেন।
প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্যের প্রসঙ্গ টেনে নুর বলেন, জনগণের সমর্থন নিয়েই রাজপথ থেকে সরকার ক্ষমতায় এসেছে। তাই যেকোনো অপশক্তি মোকাবিলায় জনগণকে সঙ্গে রাখতে হবে।
এ সময় জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) বিরোধী দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, শুধু বক্তব্য-বিবৃতিতে সীমাবদ্ধ না থেকে প্রতিটি জেলা ও উপজেলায় ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে কর্মসূচি পালন করা প্রয়োজন।
স্থানীয় সরকার নির্বাচনে ভোটের হিসাব-নিকাশের কারণে আওয়ামী লীগের বিরুদ্ধে অবস্থান নিতে বিরোধী দলগুলোর অনীহা নিয়েও সমালোচনা করেন নুর। তিনি বলেন, নির্বাচনী সুবিধার কথা বিবেচনা করে কেউ আওয়ামী লীগের বিরুদ্ধে অবস্থান না নিলে ভবিষ্যতে তাদেরই ক্ষতির মুখে পড়তে হবে। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘খাল কেটে কুমির আনবেন, সেই কুমির আপনাদেরই খাবে, বিএনপিকে খাবে না।’
শ্রমিকদের অধিকার প্রসঙ্গে গণঅধিকার পরিষদের সভাপতি বলেন, শ্রমিকদের দাবির পরিপ্রেক্ষিতে সরকার ন্যূনতম মজুরি বোর্ড গঠন করেছে। শ্রমিকদের বেতনের পাশাপাশি স্বাস্থ্যসেবা ও পরিবারের জন্য রেশনিং ব্যবস্থার বিষয়েও সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
এ ছাড়া ঢাকার ফুটপাত দখলমুক্ত করার উদ্যোগকে স্বাগত জানান তিনি। নুর বলেন, যানজট ও জনদুর্ভোগ কমাতে ফুটপাত দখলমুক্ত করার পাশাপাশি হকারদের পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হচ্ছে। জনস্বার্থসংশ্লিষ্ট এসব উদ্যোগে বিরোধী দলগুলোর ইতিবাচক সমর্থন দেওয়া উচিত। সরকারের প্রতিটি কাজের বিরোধিতা না করে ভালো উদ্যোগে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।
তথ্য সূত্র : কালের কণ্ঠ











