খবরবাংলা ডেস্ক :
রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে পুনরায় ইন্টার্নশিপের সুযোগ পেতে পরিচালকের সঙ্গে দেখা করতে গিয়ে আটক হয়েছেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক দুই নেতা। মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ১০টার দিকে হাসপাতালের পরিচালকের কার্যালয় থেকে তাদের আটক করে পুলিশ।
আটক ব্যক্তিরা হলেন রামেক শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি শুভ কর্মকার মণ্ডল ও সাধারণ সম্পাদক নাহিদ হাসান।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০২৪ সালের ১১ ও ১৩ সেপ্টেম্বর শিক্ষার্থীদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে রামেক ছাত্রলীগের ১৩ জন নেতাকর্মীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছিল। ওই তালিকায় শুভ কর্মকার মণ্ডল ও নাহিদ হাসানও ছিলেন। সে সময় তাদের দুই বছরের জন্য ইন্টার্নশিপ বাতিল এবং ছাত্রাবাস থেকে বহিষ্কার করা হয়।
হাসপাতাল সূত্র জানায়, শাস্তির দুই বছর মেয়াদ শেষে পুনরায় ইন্টার্নশিপ সম্পন্ন করার সুযোগ চেয়ে শুভ কর্মকার ও নাহিদ হাসান হাসপাতাল কর্তৃপক্ষের কাছে আবেদন করেন। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার সকালে তাদের পরিচালকের কার্যালয়ে ডাকা হয়।
এদিকে, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক দুই নেতা পরিচালকের কক্ষে অবস্থান করছেন—এমন খবর ছড়িয়ে পড়লে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে শিবিরের নেতাকর্মীরা সেখানে অবস্থান নেন। পরে ছাত্রদলের নেতাকর্মীরাও সেখানে যোগ দেন। একপর্যায়ে তারা পরিচালকের কার্যালয়ে প্রবেশের চেষ্টা করলে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে শিক্ষার্থীদের দাবির মুখে ওই দুই সাবেক ছাত্রলীগ নেতাকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।
এ বিষয়ে রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র গাজিউর রহমান বলেন, ছাত্রলীগের দুই সাবেক নেতা হাসপাতালের পরিচালকের কক্ষে যাওয়াকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে তাদের আটক করে থানায় নিয়ে গেছে।
তথ্য সূত্র : কালের কণ্ঠ










